জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, এল নিনো ২০২৭, জনস্বাস্থ্য সঙ্কট, চরম তাপপ্রবাহ, খাদ্যনিরাপত্তা, কপ৩১ জলবায়ু সম্মেলন, বাংলাদেশের জলবায়ু ঝুঁকি
জাতিসঙ্ঘের ৩১ তম জলবায়ু সম্মেলন (কপ ৩১)। সংগৃহীত

জলবায়ু পরিবর্তন আর কেবল পরিবেশগত সঙ্কট নয়, এটি মহামারী মাত্রার বৈশ্বিক জনস্বাস্থ্য সঙ্কটে পরিণত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বায়ুদূষণ ও চরম তাপপ্রবাহের কারণে প্রতি বছর বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্করা।

Advertisement

এর মধ্যে শক্তিশালী এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বৈশ্বিক তাপমাত্রায় নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। একইসাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা ও চরম আবহাওয়াজনিত পরিস্থিতি খাদ্যনিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম দিনে ডব্লিউএমওর ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে  ধরা হয়।

এতে বক্তব্য দেন জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল, ডব্লিউএমও মহাসচিব সেলেস্তে সাউলো এবং ওয়েলকাম ট্রাস্টের জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক ড. অ্যালান ড্যাঙ্গোর।

সাইমন স্টিয়েল বলেন, ‘বিশ্ব বিপজ্জনক গতিতে উত্তপ্ত হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের সাথে এল নিনোর প্রভাব যুক্ত হলে তাপমাত্রা ও চরম আবহাওয়াজনিত ঝুঁকি আরো তীব্র হতে পারে। দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছেন। উত্তর গোলার্ধের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহের কারণে আনুমানিক ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘জলবায়ু সঙ্কট এখন সরাসরি বৈশ্বিক স্বাস্থ্য সঙ্কটে রূপ নিয়েছে। বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধির কারণে গর্ভবতী নারী, নবজাতক ও মাতৃস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়লা, তেল ও গ্যাস পোড়ানো এবং বন ধ্বংসের মতো কর্মকাণ্ড এ সঙ্কটের প্রধান কারণ। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু পরিবেশ সংরক্ষণের উদ্যোগ যথেষ্ট নয়; জনস্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

ডব্লিউএমও মহাসচিব সেলেস্তে সাউলো জানান, ‘২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রাক-শিল্পযুগের চেয়ে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত ১২ বছর ছিল ইতিহাসের উষ্ণতম বছরগুলোর মধ্যে এবং সর্বশেষ চার বছর উষ্ণতার তালিকায় শীর্ষে রয়েছে। এল নিনোর প্রভাবে ২০২৭ সালেও তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি জানান, ‘টানা দশম বছরের মতো সমুদ্রের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় নিচু উপকূলীয় অঞ্চলের প্রায় ৯০ কোটি মানুষ ঝুঁকির মুখে পড়েছেন। এর ফলে উপকূলীয় জনবসতি, কৃষি, অবকাঠামো ও জীবিকার ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হচ্ছে।’

ওয়েলকাম ট্রাস্টের জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক ড. অ্যালান ড্যাঙ্গোর বলেন, ‘জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট বায়ুদূষণ ও চরম তাপপ্রবাহের কারণে প্রতি বছর বিশ্বে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে এমন জনগোষ্ঠীর ওপর, যাদের অভিযোজন সক্ষমতা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত।’

তিনি জানান, ‘২০২৫ সালে বিশ্বের প্রায় ৫২ শতাংশ স্থলভাগ অন্তত এক মাস চরম খরার কবলে ছিল। এ পরিস্থিতি কৃষি উৎপাদন, কৃষকের জীবিকা এবং খাদ্যনিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। খরা ও তাপপ্রবাহের কারণে খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি নিরাপদ পানি ও পুষ্টির সঙ্কটও বাড়ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, কৃষিশ্রমিক ও গ্রামীণ মানুষের ওপর এর অভিঘাত বেশি।’

ড্যাঙ্গোর বলেন, ‘পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, বিদ্যুতায়ন, তাপপ্রবাহের আগাম সতর্কতা এবং জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা গেলে প্রাণহানি ও স্বাস্থ্যসেবার ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। জলবায়ু মোকাবেলায় সাফল্য শুধু কার্বন নিঃসরণ কতটা কমানো গেল, সেই হিসাব দিয়ে মূল্যায়ন করা উচিত নয়; বরং কত মানুষের জীবন রক্ষা করা গেল, সেটিও সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া প্রয়োজন।’

সাইমন স্টিয়েলও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার আহবান জানান। তার মতে, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে একই সাথে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা সম্ভব।

সুপার এল নিনোতে খাদ্যসঙ্কটের আশঙ্কা
কপ৩১-এর প্রথম দিনের প্রতিপাদ্য ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’। সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়, বর্তমান সুপার এল নিনো পরিস্থিতি প্রায় পাঁচ কোটি অতিরিক্ত মানুষকে তীব্র খাদ্যসঙ্কটের মুখে ঠেলে দিতে পারে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও পানিসঙ্কট কৃষি উৎপাদনকে ব্যাহত করার পাশাপাশি আন্তর্জাতিক খাদ্য সরবরাহব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে তুরস্কের কৃষি ও বনমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘পৃথিবীর এক প্রান্তে খরা দেখা দিলে অন্য প্রান্তের মানুষের খাবারের টেবিলেও তার প্রভাব পড়ে। কোনো অঞ্চলে বন্যা হলে দূরের শিল্পকারখানার উৎপাদন পরিকল্পনাও পরিবর্তন করতে হয়। পানিসঙ্কট, অতিরিক্ত তাপমাত্রা ও জলবায়ুজনিত দুর্যোগ একই সাথে শহর, কৃষি, অর্থনীতি ও জনস্বাস্থ্যকে বিপর্যস্ত করছে।’

সম্মেলনের প্রথম দিনে নারী কৃষকদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার এবং এ খাতের অর্থায়ন ঘাটতি নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় নারী কৃষকদের অর্থায়নপ্রাপ্তির প্রতিবন্ধকতা তুলে ধরে ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। কৃষি উৎপাদন, পানি ব্যবস্থাপনা ও খাদ্যনিরাপত্তায় আবহাওয়া ও জলবায়ু তথ্যের ব্যবহার নিয়েও আলোচনা হয়।

এছাড়া স্বাস্থ্য খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগে ‘আনতালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় স্বাস্থ্যসেবাব্যবস্থার সক্ষমতা বাড়ানো।

বাংলাদেশের জন্য বিশেষ সতর্কবার্তা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের মতো উপকূলীয় ও ঘনবসতিপূর্ণ দেশগুলোর জন্য পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও সুপেয় পানির সঙ্কট দেশের কৃষি, জনস্বাস্থ্য ও মানুষের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নারী, শিশু, বয়স্ক ও দরিদ্র জনগোষ্ঠী চরম আবহাওয়ার কারণে বাড়তি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু জানান, ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ৯০ বিলিয়ন ডলার প্রয়োজন।’

তিনি বলেন, ‘বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী দেশগুলোর ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানো উচিত।’

মন্ত্রী জানান, ‘নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩ শতাংশ কমানোর লক্ষ্য নিয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ নিঃসরণ কমানো সম্ভব হবে। এজন্য প্রয়োজন ৯০ বিলিয়ন ডলার।বাংলাদেশের জন্য নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থায়ন নিশ্চিত করাও জরুরি।’

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে এল নিনোর প্রভাব যুক্ত হলে বাংলাদেশের মতো দেশগুলোতে তাপপ্রবাহ, কৃষি উৎপাদন হ্রাস, পানিসঙ্কট ও সংক্রামক রোগের ঝুঁকি আরো বাড়তে পারে। ফলে জলবায়ু অভিযোজনকে শুধু অবকাঠামো উন্নয়ন বা দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে।

জলবায়ু সঙ্কট মোকাবেলায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঘোষিত প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করা। পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, তাপপ্রবাহের আগাম সতর্কতা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা না গেলে এই সঙ্কটের মানবিক মূল্য আরো বাড়বে।