গঙ্গার পানিবণ্টন চুক্তি, পোশাক খাতে জ্বালানি সঙ্কট, এলপিজির মূল্যবৃদ্ধি, জ্বালানি মূল্য নিয়ন্ত্রণ, সার সঙ্কট, সার কালোবাজারি, জামায়াতে ইসলামী, ত্রয়োদশ জাতীয় সংসদ
ফারাক্কা ব্যারেজ। সংগৃহীত
  •  জ্বালানি সঙ্কটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
  •  এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধী দল

ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সঙ্কট দেখা দিতে পারে। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছে বিরোধীদল।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ বিষয়ে জরুরি আলোচনার জন্য আনীত একটি প্রস্তাবনায় এই আশঙ্কার কথা তুলে ধরেন বিরোধীদলের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ঢাকা-১৪)।

তিনি কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়ার কাছে এই নোটিশ জমা দেন।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত সম্ভাব্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরতে সংসদে আলোচনা চাইছে জামায়াত।

প্রস্তাবিত নোটিশে আরো উল্লেখ করা হয়, এই চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সাথে গভীরভাবে সম্পৃক্ত। সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সঙ্কট দেখা দিতে পারে। বিশেষ করে এর প্রভাবে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়া, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সঙ্কটাপন্ন হওয়া, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা হ্রাস পাওয়া, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ধ্বংস হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সাথে কূটনৈতিক আলোচনা আরো জোরদার করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। একইসাথে দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনা যেমন-গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত করাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি হিসেবে অভিহিত করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সাথে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন কিংবা নতুন ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি সঙ্কটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে বিদেশী ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, বাড়ছে শিল্পের আর্থিক ক্ষতি। এমন পরিস্থিতিতে পোশাক খাতের সঙ্কট মোকাবেলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য।

গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ (আসন নম্বর ৬৮) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ আলোচনার নোটিশ জমা দেন।

নোটিশে উল্লেখ করা হয়, রেডিমেড গার্মেন্ট (আরএমজি) খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক এ খাতে সরাসরি কর্মরত। এছাড়া বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ফলে তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তবে বর্তমানে তীব্র জ্বালানি সঙ্কটের কারণে শিল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অস্থিরতা এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে।

সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে বিদেশী ক্রেতারা তাদের ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে শিল্পমালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার এবং ব্যবসায়িক ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি সঙ্কটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যাহত হচ্ছে এবং মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

একই সাথে সতর্ক করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক-সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়সীমা ও সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপরও নোটিশে গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। এজন্য আগামী তিন বছরের একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

নোটিশে পরিশেষে বলা হয়, অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র পোশাক খাতের সঙ্কট কাটিয়ে ওঠা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনায় এ বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনা আয়োজনের আহবান জানানো হয়েছে।

এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধী দল 
এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া ছাড়া দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবিতে জাতীয় সংসদে একটি জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদ সচিবালয়ে পাঁচজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন এই নোটিশ দিয়ে ৬৮ বিধিতে আলোচনা করতে চেয়েছে বিরোধী দল।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনো ধরনের গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুননির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধী দল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করার কারণে ভোক্তারা দ্বিমুখী আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনা করে জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য ওই নোটিশে জোর দাবি জানানো হয়েছে।

সার সঙ্কট ও কালোবাজারি নিয়ে জরুরি আলোচনার নোটিশ
দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সার প্রাপ্তিতে চরম সঙ্কট, অতিরিক্ত মূল্যে কালোবাজারে সার বিক্রি এবং ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে জাতীয় সংসদে জরুরি আলোচনার দাবি জানানো হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধি অনুযায়ী জনগুরুত্বসম্পন্ন এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনার জন্য একটি নোটিশ সচিবালয়ে জমা দিয়েছে জামায়াত।

নোটিশে উত্থাপিত বিষয়ে বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তিতে সঙ্কট, কালোবাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক।’

আলোচনা উত্থাপনের কারণ ও কৃষকদের দুর্দশা : নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৪৪.৬৭ শতাংশ- অর্থাৎ প্রায় তিন কোটি ৮৭ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি খাতের ওপর নির্ভরশীল। বর্তমানে আমন ধানের পরিচর্যা এবং রবি মৌসুমের ফসল আবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে। ঠিক এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পাচ্ছেন না।

এর ফলে বাধ্য হয়ে কৃষকদের অতিরিক্ত দামে খোলাবাজার ও কালোবাজার থেকে সার কিনতে হচ্ছে, যা কৃষি খাতের উৎপাদন ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন।

সিন্ডিকেট ও কৃত্রিম সঙ্কটের শঙ্কা 
সার ডিলার নিয়োগ ও পুনর্বিন্যাসে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলীয়করণের অভিযোগ তুলে নোটিশে আরো বলা হয়েছে, এসব অনিয়মের কারণে সার বিতরণ ব্যবস্থায় সিন্ডিকেট, অবৈধ মজুদদারি ও কৃত্রিম সঙ্কট তৈরি হচ্ছে। অতীতের সার সঙ্কট এবং কৃষক আন্দোলনের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তা এবং কৃষকের ন্যায্য অধিকার রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

সংসদে এই জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ডিলার নিয়োগের অনিয়ম দূর করা এবং কালোবাজারি ও কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানানো হয়েছে।