রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল আমিন গ্রেফতার
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল আমিন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক 

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গত রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 
তবে খাইরুল আমিনের বিরুদ্ধে অভিযোগের পরিধি শুধু মুহিবুল্লাহ হত্যা মামলায় সীমাবদ্ধ নয়। গোয়েন্দা সূত্রের দাবি, তিনি মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একজন গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক তৎপরতা পরিচালনা করতেন। মানবপাচার, ইয়াবা সরবরাহ, ক্যাম্পকেন্দ্রিক অপরাধী নেটওয়ার্কের সমন্বয় এবং রোহিঙ্গা নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের সাথেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। 
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, মিয়ানমারের সামরিক গোয়েন্দা সংস্থা সা ইয়া ফা (ঝধ ণধ চযধ)-এর সাথে তার যোগাযোগ ও সমন্বয়ের অভিযোগ। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে ওই সংস্থার স্বার্থসংশ্লিষ্ট তৎপরতা ও যোগাযোগ নেটওয়ার্কের সমন্বয়কের ভূমিকা পালন করে আসছিলেন। 
গোয়েন্দা সূত্রের তথ্যানুযায়ী, খাইরুল আমিন রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মানবপাচার নেটওয়ার্কের অন্যতম সমন্বয়কারী হিসেবে পরিচিত ছিলেন। সীমান্তপথে মানবপাচার, মাদক সরবরাহ এবং অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তার প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। 
বিশেষ করে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের সরবরাহ এবং ক্যাম্পের অভ্যন্তরে সেগুলো বিতরণের সাথে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে আরসার সাংগঠনিক তহবিল ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। 
অভিযোগ রয়েছে, ক্যাম্পের বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ রক্ষা, প্রতিদ্বন্দ্বী গ্রুপের ওপর প্রভাব বিস্তার এবং সংগঠনের বিরোধীদের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও তিনি ভূমিকা পালন করতেন। 
খাইরুল আমিনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে, রোহিঙ্গা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে তার ভূমিকা। সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্যানুযায়ী, রোহিঙ্গা প্রত্যাবাসন, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় অন্তত ২৩ জন নেতাকে আরসার সদস্যরা পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছিল। 
নিহত ও আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আলেম ওলামা, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন পর্যায়ের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ক্যাম্পের অভ্যন্তরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, প্রতিদ্বন্দ্বী নেতৃত্বকে দুর্বল করা এবং রোহিঙ্গাদের মধ্যে স্বাধীন সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এসব হামলা পরিচালিত হয়েছিল। 
মাস্টার মুহিবুল্লাহ ছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচিত ও প্রভাবশালী নেতা। তিনি প্রত্যাবাসন, শিক্ষা ও রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতেন। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সশস্ত্র হামলায় তিনি নিহত হন। 
এ ঘটনায় পুলিশের দেয়া অভিযোগপত্রে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালের ১১ সেপ্টেম্বর আদালত ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পেছনে আরসার সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় উঠে এসেছে। ফলে নতুন করে গ্রেফতার হওয়া খাইরুল আমিনকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা, নির্দেশদাতা এবং সংশ্লিষ্ট যোগাযোগ নেটওয়ার্ক সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। 
এ ছাড়া ক্যাম্পের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পরিকল্পিত সঙ্ঘাত সৃষ্টি এবং সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর ঘটনাতেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব ঘটনার উদ্দেশ্য হিসেবে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে দুর্বল করা এবং ক্যাম্পে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টি উঠে এসেছে। 
গ্রেফতারের পর উদ্ধার করা পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, খাইরুল আমিন ‘গঅটঘএ কণঅড ঝঊওঘ’ নামে একটি ছদ্মপরিচয় ব্যবহার করতেন। পাসপোর্টের নম্বর গক০৩৩৩১৭। ভিসা স্টিকারে তার জাতীয়তা ‘ইটজগঊঝঊ’ হিসেবে উল্লেখ রয়েছে। 
উদ্ধার করা নথির তথ্যানুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশে প্রবেশের জন্য একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা ইস্যু করা হয়েছিল। ভিসার মেয়াদ ৭ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত উল্লেখ রয়েছে। এতে বাংলাদেশে অনুমোদিত অবস্থানের সময় ৩০ দিন এবং কর্মসংস্থান নিষিদ্ধ থাকার শর্তও রয়েছে। 
এই নথির কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, একজন রোহিঙ্গা পরিচয়ের ব্যক্তির নামে মিয়ানমারের নাগরিকত্বসংক্রান্ত পরিচয় ব্যবহার করে পাসপোর্ট ইস্যু হওয়ার বিষয়টি যাচাই করা প্রয়োজন। দ্বিতীয়ত, ইয়াঙ্গুন থেকে ওই নথি সংগ্রহের প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে তার যোগাযোগের ধরন অনুসন্ধান করা জরুরি। কারণ মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব ও জাতিগত পরিচয় স্বীকারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক অবস্থান বজায় রেখেছে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের বড় অংশকে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এমন বাস্তবতায় একজন রোহিঙ্গা পরিচয়ের ব্যক্তির কাছে মিয়ানমারের জাতীয়তা উল্লেখ করা পাসপোর্ট কীভাবে এলো, সেটি নিছক ভ্রমণসংক্রান্ত প্রশ্ন নয়; এর সাথে সম্ভাব্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, পরিচয়পত্র সংগ্রহের নেটওয়ার্ক এবং সীমান্ত পারের যোগাযোগের বিষয়ও জড়িত থাকতে পারে। 
খাইরুল আমিন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা নূর হোসেন ওরফে মোস্তাফিজুরের ছেলে। 
গোয়েন্দা সূত্রের দাবি, খাইরুল আমিন দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক গোয়েন্দা সংস্থা সা ইয়া ফার সাথে যোগাযোগ বজায় রাখতেন। রোহিঙ্গা ক্যাম্পে ওই সংস্থার স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম, তথ্য সংগ্রহ এবং যোগাযোগ নেটওয়ার্ক সমন্বয়ের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের অভিযোগের গুরুত্ব বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে বিবেচ্য। কারণ রোহিঙ্গা ক্যাম্প শুধু মানবিক সঙ্কটের কেন্দ্র নয়; দীর্ঘদিন ধরে সেখানে সশস্ত্র গোষ্ঠী, মাদক চোরাচালান, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধী নেটওয়ার্কের তৎপরতার অভিযোগ রয়েছে। 
কোনো বিদেশী গোয়েন্দা সংস্থা যদি স্থানীয় অপরাধী বা সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরে তথ্য সংগ্রহ, প্রভাব বিস্তার কিংবা নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তা হলে তা বাংলাদেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। 
এ ক্ষেত্রে খাইরুল আমিনের ব্যক্তিগত যোগাযোগ, অর্থনৈতিক লেনদেন, ভ্রমণ ইতিহাস, মোবাইল ফোনের তথ্য ও মিয়ানমার থেকে আসা নির্দেশনা বা অর্থায়নের সম্ভাব্য উৎস অনুসন্ধান করা প্রয়োজন।  
এসআরবি-১৫-এর দেয়া তথ্যানুযায়ী, খাইরুল আমিনের বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানবপাচার ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে। মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে আদালতের তিনটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে।  
এসআরবি-১৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 
খাইরুল আমিনের গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি ও অপরাধী নেটওয়ার্ক অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষ করে মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি হিসেবে তার গ্রেফতারের পাশাপাশি মানবপাচার, মাদক সরবরাহ এবং মিয়ানমারের সামরিক গোয়েন্দা সংস্থার সাথে কথিত যোগাযোগের অভিযোগ তদন্তের নতুন ক্ষেত্র তৈরি করেছে। 
এখন তদন্তের কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে তার সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, আরসার সাংগঠনিক কাঠামোয় তার অবস্থান কোথায়, রোহিঙ্গা নেতাদের ওপর হামলার পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন কি না এবং মিয়ানমারের সামরিক গোয়েন্দাদের সাথে তার যোগাযোগের প্রকৃতি কী- এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। 
পাশাপাশি উদ্ধার করা পাসপোর্টের সত্যতা, ছদ্মপরিচয়ের উৎস, ইয়াঙ্গুনে অবস্থানের তথ্য এবং সীমান্ত পারের আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা প্রয়োজন। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বিচ্ছিন্ন অপরাধীদের গ্রেফতার যথেষ্ট নয়। অপরাধী গোষ্ঠীগুলোর অর্থায়ন, অস্ত্র ও মাদক সরবরাহ, মানবপাচারের রুট, স্থানীয় সহযোগী এবং আন্তঃসীমান্ত যোগাযোগের পুরো কাঠামো শনাক্ত করা জরুরি। 
সংশ্লিষ্টদের মতে, খাইরুল আমিনকে জিজ্ঞাসাবাদ ও তার কাছ থেকে উদ্ধার করা ডিজিটাল এবং ভ্রমণসংক্রান্ত নথির ফরেনসিক বিশ্লেষণ এসব প্রশ্নের উত্তর খুঁজতে সহায়ক হতে পারে। রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রত্যাবাসনের পরিবেশ তৈরি যেমন জরুরি, তেমনি বাংলাদেশের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী, বিদেশী গোয়েন্দা তৎপরতা ও আন্তঃসীমান্ত অপরাধের বিস্তার ঠেকানোও জাতীয় নিরাপত্তার অপরিহার্য শর্ত।