
রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিএপি সার না পাওয়ার অভিযোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ’ কৃষক। গতকাল সোমবার বিকেলে উপজেলার হাতনাবাদ এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকরা।
সূত্র জানিয়েছে, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স এবং এর পাশেই বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান রয়েছে। সোমবার সকালে মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমান ১৫০ বস্তা ডিএপি সার বিক্রি করেন। বিকেলে পাশের মোশাররফ হোসেনের গুদামে থাকা আরো ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুদের তুলনায় উপস্থিত কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ অবস্থায় কৃষকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা। তারা কৃষকদের সাথে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এ দিকে এলাকায় সারের কোনো সঙ্কট নেই বলে দাবি করেছেন ডিলার হাবিবুর রহমান। তবে ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের বিষয়টি সামনে এনেছেন তিনি। হাবিবুর রহমানের অভিযোগ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ নিয়ে ক্ষোভ থেকে পরিস্থিতি ঘোলাটে করতে মাহফুজুর রহমান ডালিম কৃষকদের দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে হাবিবুর রহমানের এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, ‘আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? তার দাবি, সেখানে কয়েকশ’ কৃষক বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি ভয়াবহ ছিল।
এ বিষয়ে ইউএনও ইসরাত জাহান গণমাধ্যমকে বলেন, প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করেন। কৃষকদের কিছু অভিযোগ ছিল। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে সার সরবরাহ করা হবে। প্রশাসনের আশ্বাসের পর কৃষকরা অবরোধ তুলে নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








