শ্রমিকদের চিকিৎসায় ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে : সংসদে প্রধানমন্ত্রী
গতকাল শুরু হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার ও বিরোধীদলীয় সদস্যরা অংশ নেন : পিএমও।

 নিজস্ব প্রতিবেদক

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 
বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান  শিমুলের (শিমুল বিশ্বাস) পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে। যা শুধু আমাদের শ্রমিক ভাইদেরই চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে, শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে।
এর আগে বিগত স্বৈরাচারী সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের দুঃশাসন আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সব কিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কিভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব ইচ্ছাকৃত পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ স্বাভাবিকভাবে হতে পারেনি।’
বিগত আমলে দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসা ব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেয়া হয়। এমনভাবে চিকিৎসা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই দেশের প্রত্যেকটি শ্রেণী-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।