
- দিল্লি হাইকমিশনে আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইল, ব্যক্তিগত আবেদন নয় বলে দাবি
- অনুমোদনের প্রমাণপত্র না থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ
- প্রত্যর্পণ ও নাগরিকত্বের আইনি প্রশ্নও সামনে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর ঘিরে নতুন করে আইনি ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে তার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। ওই ই-মেইলের সাথে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের পক্ষে কাজ করার ক্ষমতাপত্র (অথরাইজেশন) সংযুক্ত ছিল না।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত আইনি অবস্থান নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আবেদনটির সত্যতা, আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
সব মিলিয়ে বিষয়টি এখন তিনটি পৃথক প্রশ্নের সাথে যুক্ত হয়েছে- শেখ হাসিনা আদৌ ব্যক্তিগতভাবে আবেদন করেছেন কি না, তার নামে পাঠানো অনুরোধের আইনগত গ্রহণযোগ্যতা কতটুকু এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার দেশে ফেরা ও আত্মসমর্পণের ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
দিল্লি হাইকমিশনের বক্তব্য : শেখ হাসিনা নিজে আবেদন করেননি
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাওয়া গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি শেখ হাসিনার অনুমোদিত প্রতিনিধি কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো নথি ই-মেইলের সাথে ছিল না।
তিনি বলেন, অনুরোধটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই। এ কারণে ই-মেইলটি সরাসরি গ্রহণ বা প্রত্যাখ্যান না করে পরবর্তী নির্দেশনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস কেসি ৯ নভেম্বর বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। চিঠিতে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে তার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। আবেদনটি দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ ছিল।
রয়টার্স চিঠিটি হাতে পাওয়ার দাবি করে সোমবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন এবং ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার সহযোগীরা প্রস্তুতির কথা জানিয়েছেন।
তবে রয়টার্সের প্রতিবেদনে আইনজীবীদের পাঠানো চিঠিকে শেখ হাসিনার পক্ষে আবেদন হিসেবে উল্লেখ করা হলেও দিল্লি হাইকমিশনের বক্তব্যে ব্যক্তিগত অনুমোদনের বিষয়টি অনিশ্চিত বলে উঠে এসেছে।
সরকার খতিয়ে দেখছে আইনি ভিত্তি
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধনসংক্রান্ত আইন বিবেচনায় নেয়া হবে।
তিনি আরো জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। তাকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও পাসপোর্টের আবেদনসংক্রান্ত বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তার বক্তব্য, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায়।
চিফ প্রসিকিউটরের বক্তব্য ঘিরে নতুন আলোচনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও সে অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন না। তার মতে, সাম্প্রতিক তৎপরতা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরা, আদালতে আত্মসমর্পণের দাবি এবং পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত উদ্যোগের আইনগত দিক নিয়ে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান তুলে ধরা হবে। ফলে আজকের ব্রিফিংয়ে তার বিরুদ্ধে দেয়া রায়, আত্মসমর্পণের আইনি প্রক্রিয়া এবং দেশে ফেরার ক্ষেত্রে বিদ্যমান বাধ্যবাধকতা নিয়ে প্রসিকিউশনের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নাগরিকত্ব, পাসপোর্ট ও প্রত্যর্পণ : তিনটি পৃথক আইনি প্রশ্ন
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুটি কেবল প্রশাসনিক আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। এখানে কয়েকটি পৃথক আইনি বিষয় রয়েছে।
প্রথমত, পাসপোর্ট বাতিল হওয়া এবং নাগরিকত্ব হারানো এক বিষয় নয়। কোনো ব্যক্তির পাসপোর্ট বাতিল হলেও শুধু সেই কারণে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় কি না, তা সংশ্লিষ্ট আইনের বিধান ও নির্দিষ্ট আদেশের ওপর নির্ভর করে।
দ্বিতীয়ত, এনআইডি ও পাসপোর্ট দু’টি ভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর পরিচয়, নাগরিকত্ব, যোগ্যতা এবং প্রযোজ্য আইন বিবেচ্য। একইভাবে এনআইডির ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধনসংক্রান্ত বিধান অনুসরণ করতে হয়। ফলে একটি আবেদনের নিষ্পত্তি হলেই অন্যটির নিষ্পত্তি হয়ে যায় না।
তৃতীয়ত, পাসপোর্ট পাওয়া বা নাগরিকত্বের ভিত্তিতে পরিচয়পত্র পাওয়ার অধিকার থাকলেও তা বিদেশে অবস্থানরত কোনো দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায়, গ্রেফতারি পরোয়ানা কিংবা প্রত্যর্পণসংক্রান্ত প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর করে না। পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রশ্ন এবং দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের প্রশ্ন আলাদাভাবে বিবেচনা করতে হবে।
বাংলাদেশের পাসপোর্টসংক্রান্ত আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর বিধানও প্রাসঙ্গিক। তবে ওই আদেশের ৮ ধারায় নির্দিষ্ট অপরাধে দণ্ডিত পাসপোর্টধারীর পাসপোর্ট প্রত্যাহারের যে বিধান রয়েছে, সেটিকে সব ধরনের দণ্ডের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য ধরে নেয়া যাবে না।
যে প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়
পুরো ঘটনাপ্রবাহে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে- ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলটি শেখ হাসিনার প্রত্যক্ষ অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তার প্রমাণ কী? শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের আদেশ কোন কর্তৃপক্ষ, কোন আইনি ক্ষমতাবলে এবং কী প্রক্রিয়ায় দিয়েছিল? পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিরুদ্ধে কোনো আপিল বা আইনি প্রতিকার চাওয়া হয়েছিল কি না?. মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে ফিরলে তাকে গ্রেফতার, আদালতে হাজির এবং সাজা কার্যকরের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে? ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের পাঠানো অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান কী? শেখ হাসিনা যদি সত্যিই আদালতে আত্মসমর্পণ করতে চান, তাহলে তার বিরুদ্ধে বিদ্যমান রায় ও অন্যান্য আইনি আদেশের আলোকে আত্মসমর্পণের প্রক্রিয়া কী হবে?
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।
এখন তার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ, দিল্লি হাইকমিশনের অনুমোদনসংক্রান্ত আপত্তি, সরকারের প্রত্যর্পণ উদ্যোগ এবং চিফ প্রসিকিউটরের আসন্ন আইনি ব্যাখ্যা- সব মিলিয়ে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








