
বিনোদন প্রতিবেদক
তার পুরো নাম মাহমুদুল ইসলাম মিঠু। রাজবাড়ীর সন্তান মাহমুদুল ইসলাম মিঠুর স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ আর ভালোবাসা। রাজবাড়ীর সরকারি কলেজের সাবেক এই ছাত্রের ‘চারণ থিয়েটার’-এ ১৯৮১ সালে অভিনয়ের মধ্যদিয়ে মঞ্চাভিনেতা হিসাবে যাত্রা শুরু হয়। এই দলের হয়ে অভিনয় করেন ‘বাসন’, ‘এখনো কৃতদাস’, ‘তোমরাই’সহ আরো বেশ কিছু নাটকে। মূলত এলাকার সবাই তাকে বড়দা মিঠু নামেই ডাকতেন। সেখান থেকেই তার নাম হয়ে যায় বড়দা মিঠু। ১৯৮৮ সালে ঢাকায় আসার পর তিনি যোগ দেন ‘ঢাকা থিয়েটার’-এ। এই দলের হয়ে ‘ধূর্ত উই’, ‘হাত হদাই’, ‘মুনতাসির ফ্যান্টাসি’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করা’সহ তিনি মূলত ব্যাক স্টেজেই কাজ করতেন। একুশে টিভির যাত্রা শুরুর সময়ে তিনি রওশন আরা নিপার পরিচালিনায় একটি নাটকে অভিনয় করেন। শুরু হলো তার টিভিতে অভিনয়। সেই যে টিভিতে অভিনয় শুরু হলো এরপর থেকে অভিনয়ে আর থেমে থাকা নেই মাহমুদুল ইসলাম মিঠু ওরফে বড়দা মিঠুর। সেই সময় তিনি বিবেশ রায়ের কাহিনীচিত্র ‘ধানের কাব্য’তে নায়িকা মুনমুনের সঙ্গে অভিনয় করেও বেশ আলোচনায় এসেছিলেন তিনি। বড় দা মিঠু অভিনীত প্রথম সিনেমা ছিল মনতাজুর রহমান আকবরের ‘আগে যদি জানতাম তুই হবি পর’। এরপর তাকে আরো অর্ধশত সিনেমায় অভিনয়ে দেখা যায়। বড়দা মিঠু’র আজ জন্মদিন। জন্মদিনেও তিনি শুটিং-এ ব্যস্ত থাকবেন একটি নাটকের কাজে। অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা, এই সময়ের ব্যস্ততা এবং জন্মদিন প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘আমার মা ছিলেন সিনেমাপ্রেমী। রাজ্জাক, কবরীর সিনেমা মুক্তি পেলেই হলে গিয়ে তিনি সিনেমা দেখতেন। সবসময় মা আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতেন। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। এসএসসি শেষ করে থিয়েটারের সাথে যুক্ত হই। জীবিকার তাগিদে একসময় ঢাকায় আসি। এখন তো সব মিলিয়ে অভিনয়ে আমার বেশ ভালো ব্যস্ততা। এই ব্যস্ততাই আমার জীবনের সুস্থতা। স্ত্রী জয়া, দুই ছেলে সুপ্রীত, রোহিত এবং মেয়ে জয়িতাকে নিয়ে আমার সুখের সংসার। সবাই যার যার কাজে এবং পড়াশুনায় ব্যস্ত। আমিও আমার কাজে ব্যস্ত। জন্মদিনে কাজের বাইরে পুরোটা সময় আসলে পরিবারের সাথেই কাটে, যথারীতি আজকেও কাটবে। আমি সবার দোয়া চাই যেন আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি। দর্শক আমাকে তাদের ভালোবাসায় সিক্ত করেছেন, আমি তাদের কাছে ঋণী।’ বড়দা মিঠু এই মুহূর্তে মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’, মামুনুর রশীদের ‘চাকর কেন মালিক’ ও আদর মির্জার ‘সম্রাট’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। জানা গেছে এই সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’তে তিনি মনিরা মিঠুর স্বামী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে দর্শকের সামনে হাজির হবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








