জন্মদিনে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন মিম
জন্মদিনে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন মিম।

বিনোদন প্রতিবেদক
বিদ্যা সিনহা মিম, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা। লাক্স চ্যানেলআই সুপারস্টার শিরোপা জয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় এবং মিডিয়া জগতে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে বহু নাটক,  টেলিফিল্মে অভিনয় করে দর্শকের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছিলেন। কিন্তু একটা সময় এসে মিম সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু সিনেমাতেই অভিনয় করবেন। নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ^াস রেখে শুধুই সিনেমাতে অভিনয় করে যেতে লাগলেন মিম। সিনেমাতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হলেন। সিনেমার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ যেন আরো বেড়ে যায়। অভিষেক চলচ্চিত্র ‘আমার আছে জল’সহ মিমকে একে একে দেখা যায় ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘ইয়েতি অভিযান’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আমি নেতা হবো’, ‘পাষাণ’, ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালিক’। মিমের অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা তিনটি। অভিষেক সিনেমা ‘আমার আছে জল’, হুমায়ূন আহমেদ-এর চলচ্চিত্র বলে তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা। খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’তে অভিনয় করে মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আবার ব্যবসায়িক সফলতার বিবেচনায় তার ক্যারিয়ারের সেরা সিনেমা রায়হান রাফির ‘পরাণ’। বিদ্যা সিনহা মিম গত কয়েক দিন ধরে স্বামী সনিকে নিয়ে থাইল্যান্ডে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তবে গতকাল ৯ নভেম্বর তার সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি আর সনি থাইল্যান্ডের বিভিন্ন শহরে নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছি, সময় কাটিয়েছি। জন্মদিন উপলক্ষেই নিজেদের ব্যস্ততার ফাঁকে ঘুরতে আসা। তবে জন্মদিন পরিবারের সাথেই কাটবে। যে কারণে আজই আমি আর সনি ঢাকায় ফিরব। এদিকে মিম ‘লাক্স’, ‘জেসিএক্স ডেভেলপমেন্ট লি.’, ‘ক্ল্যাসিক্যাল হোম ঠিক করেন’, ‘ইউনিসেফ বাংলাদেশ’, ‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’, ‘ওরিক্স ফেব্রিকস কেয়ার’, ‘ওয়ালটন’, ‘সেইলর’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও কাজ করছেন নিয়মিত। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ছিল ওয়েবফিল্ম ‘লাইফলাইন’। এরই মধ্যে তিনি শেষ করেছেন আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার কাজ। এই সিনেমায় মিমের সহশিল্পী শরীফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান।