‘দার-ই-নাজাত’-এর শেষ পর্ব নিয়ে বোমা ফাটালেন রোমাইসা!
‘দার-ই-নাজাত’-এর শেষ পর্ব নিয়ে বোমা ফাটালেন রোমাইসা!।

আলমগীর কবির
জনপ্রিয় টেলিভিশন নাটক ‘দার-ই-নাজাত’-এর শেষ পর্বে কী ঘটতে যাচ্ছে? দর্শকদের মনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই নাটকটির গল্পের শেষাংশ নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী রোমাইসা খান। তার দেওয়া স্পয়লারে উঠে এসেছে তুরস্কে জারিয়াবের নতুন জীবন, ঐতিহাসিক তুর্কি নেতা আরতুগ্রুলের সঙ্গে সাক্ষাৎ, আবু বকরের মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠা, এমনকি দুই পুরুষ চরিত্রের সৎভাই হয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য সব ঘটনা!
তবে দর্শকদের এতক্ষণে কিছুটা সন্দেহ হওয়াই স্বাভাবিক। কারণ, রোমাইসার এই স্পয়লারগুলো বাস্তব গল্পের অংশ নয়; বরং ভক্তদের সঙ্গে মজা করতেই এমন অদ্ভুত ও হাস্যকর কাহিনী সাজিয়েছেন তিনি।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি রিলসে রোমাইসা খান তার অভিনীত হামনা চরিত্রটির প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। 
এর পরই মজার ছলে ঘোষণা দেন, ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে এবার তিনি নাটকের শেষের দিকের গল্প ফাঁস করে দেবেন। আর এরপর যা বলেন, তা শুনে দর্শকদের বিস্মিত হওয়ারই কথা।
রোমাইসার দাবি, নাটকের প্রধান নারী চরিত্র জারিয়াব, যেটিতে অভিনয় করেছেন দুর-ই-ফিশান সেলিম, গল্পের শেষ দিকে তুরস্কে চলে যাবে। সেখানে গিয়ে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা আরতুগ্রুলের সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়। রোমাইসা জানান, আরতুগ্রুল আবার জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের (নামির খান) চাচাতো ভাই। অন্যদিকে হামনার সঙ্গে জামিলের বিয়ে হওয়ায় আরতুগ্রুলের সঙ্গে হামনার সম্পর্ক দাঁড়াবে দেবরের মতো।
এমন অদ্ভুত সম্পর্কের সমীকরণে নাটকের গল্প যে আরো জটিল হতে যাচ্ছে, সেটিও বুঝিয়ে দেন রোমাইসা। তার ভাষ্য অনুযায়ী, জারিয়াবের এমন ঘটনায় তার স্বামী আবু বকর (শেহরিয়ার মুনাওয়ার) ভীষণভাবে ভেঙে পড়বে। হারানো ভালোবাসার স্মৃতি ভুলতে একসময় সে হয়ে উঠবে মোটিভেশনাল স্পিকার। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অন্যদের সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতে ‘লেটস মুভ অন’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবে সে।
কিন্তু সেই সেমিনারেও অপেক্ষা করছে আরেক বিস্ময়। আবু বকর যখন ভালোবাসা হারানোর কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করার বার্তা দিচ্ছে, তখনই সামনের সারিতে এমন একজনকে দেখতে পাবে, যাকে সেখানে দেখার কথা কেউ ভাবতেও পারেনি। তিনি হলেন জামিল। অর্থাৎ, নিজের হারানো ভালোবাসার গল্প বলতে গিয়ে আবু বকর মুখোমুখি হবে জারিয়াবের সাবেক প্রেমিকের!
এরপর গল্পে আরো বড় চমক যোগ করে জামিল। রোমাইসার কাল্পনিক স্পয়লার অনুযায়ী, জামিল আবু বকরকে জানাবে, তার মা খুশবখত (সানিয়া সাঈদ) আসলে জামিলেরও মা। অর্থাৎ, এত দিন যাদের আলাদা পরিচয় ছিল, তারা শেষ পর্যন্ত হয়ে যাবে সৎভাই!
এমন সম্পর্কের জটিলতা ও নাটকীয়তায় হামনাও নাকি বিরক্ত হয়ে পড়বে। শেষ পর্যন্ত সবকিছু থেকে দূরে সরে যেতে সে দুবাই চলে যাবে। সেখানে গিয়ে আবাসন খাতে কাজ শুরু করবে। অর্থাৎ, নাটকের গল্পে প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে হামনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে রিয়েল এস্টেট ব্যবসার মধ্য দিয়ে। তবে রোমাইসার এই পুরো বর্ণনাই ছিল নিছক রসিকতা। নাটকের প্রকৃত গল্পের সাথে এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। ভক্তদের কৌতূহল উসকে দিতে এবং তাঁদের সঙ্গে মজা করতেই এমন অবিশ্বাস্য কাহিনি সাজিয়েছেন অভিনেত্রী।
ভিডিওতে রোমাইসা দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, তাকে কি এতটাই পাগল মনে হয় যে, নাটকের প্রকৃত গল্প ফাঁস করে নিজের চাকরি হারানোর ঝুঁকি নেবেন? তার এই প্রশ্নের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যায়, এতক্ষণ ধরে বলা ঘটনাগুলো আসলে ভক্তদের বোকা বানানোর একটি মজার আয়োজন।
সবশেষে দর্শকদের নাটকটি নিজেরাই দেখার পরামর্শ দেন তিনি। কারণ, ‘দার-ই-নাজাত’-এর শেষ পর্বে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনার ভাগ্যে আসলে কী ঘটবে, তা এখনো রহস্যের আড়ালেই রয়েছে। রোমাইসার এই মজার স্পয়লার সেই রহস্য আরো বাড়িয়ে দিয়েছে।