সংক্ষিপ্ত সংবাদ

আ’লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান (৫৭) এবং চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। গত সোমবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নেতাকর্মীরা আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার চায়ের দোকানের পেছনে একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে ১৫ ফিটের একটি ব্যানারসহ গ্রেফতার করা হয়। সেখানে আসামিরা মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় গত ২১ জুন ৩০ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়। আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।
পায়রায় ফেরিতে নাশকতার চেষ্টা

বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রল ঢেলে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনার পর সোমবার দুপুরে ফেরি কর্তৃপক্ষ আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। জানা গেছে, নদী পারাপারে গত ৩৫ বছর ধরে তিনটি ফেরি চলাচল করছে।  রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ভিআইপি ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢেলে দেয়। একই সাথে তারা ফেরিতে থাকা ইজারাদার প্রতিনিধি মো: আসলামের কক্ষের বাইরের ছিটকানি আটকে দেয়। আসলাম টের পেয়ে ডাক-চিৎকার শুরু করলে লোকজন ও ঘাটের খালাসিরা ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আগুন না দিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ফেরির খালাসি সায়েম ও চালক আব্দুল বারেক হাওলাদার জানান, উপস্থিত সবার তৎপরতায় ফেরিটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন জানান, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে সত্যতা পেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমতলী (বরগুনা) সংবাদদাতা।

ভ্যান থেকে পড়ে শিশু নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক মাস দশ দিন বয়সী শিশু রিফাতের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার কুড়পালা সড়কে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য তার মা রিয়া বেগম কোটালীপাড়ার ঘাঘর বাজারে নিয়ে যান। চিকিৎসা শেষে ভ্যানে করে পূর্ণবতী গ্রামে নানাবাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ রিয়া বেগম সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় জানান, চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা।

গরম আয়রনে ছাত্রকে ছ্যাঁকা

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী আবাসিক মাদরাসাছাত্রকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরে ছ্যাঁকা দেয়ার অভিযোগে শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শিশুটির মা বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক রাব্বি কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাসিন্দা এবং টঙ্গী বাজারের মিফতাহুল উলুম মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী শিশু উসমান গনি নাঈম মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র। জানা যায়, গত ৪ নভেম্বর রাতে ঘুমানোর সময় শিক্ষার্থীরা খেলাধুলা ও হট্টগোল করছিল। এ সময় বিরক্ত হয়ে শিক্ষক রাব্বি হাতে থাকা গরম আয়রন দিয়ে নাঈমের কোমর ও নিতম্বে জোরপূর্বক ছ্যাঁকা দেন। এতে তার নরম চামড়া ঝলসে যায়। ঘটনার  পরদিন তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগর প্রতিনিধি।