
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরের ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে ৬১১ বস্তা রাসায়নিক সার লুটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে কয়েক হাজার কৃষক ও এলাকাবাসী গোডাউনে হামলা চালিয়ে ডিএপি, ইউরিয়া ও পটাশ সার লুট করে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, সার বিতরণ নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন গোডাউনের টিনের বেড়া কেটে সার নিয়ে যান। এ সময় ডিলারের লোকজন ও কৃষি বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদে বৈঠক করে লুট হওয়া সার ফেরত অথবা মূল্য জমা দেয়ার আহ্বান জানায় প্রশাসন; অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ক্ষতিপূরণ ও পরবর্তী করণীয় নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। ইউএনও খালিদ হাসান বলেন, ‘ডিলারের হিসাব অনুযায়ী ৬১১ বস্তা সার লুট হয়েছে। সার ফেরত বা মূল্য জমা না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








