বিপাকে হাওরের বোরো চাষিরা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা 
বোরো মৌসুমের শুরুতেই অসময়ে হাওরের পানি নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কৃষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস আগেই হাওরের পানি শুকিয়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা তৈরি নিয়ে সঙ্কটে পড়েছেন তারা। পানির অভাবে জমিতে ফাটল দেখা দিয়েছে। কালিপুর হাওরের কৃষক শাহাবুদ্দিন জানান, নির্ধারিত সময়ের আগেই হাওরের পানি শুকিয়ে গেছে। সেচের ব্যবস্থা না থাকায় তৈরি করা বীজতলাও শুকিয়ে নষ্ট হচ্ছে। এতে মূল জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ডুবন্ত হাওরের কৃষক সেলিম মিয়া বলেন, তার বীজতলা শুকিয়ে বীজ বপনের অনুপযোগী হয়ে পড়েছে। এক-দুই দিন পরপর সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসময়ে পানি নেমে যাওয়ায় কিছু এলাকায় বীজতলা তৈরিতে সমস্যা হচ্ছে। বীজতলায় আর্দ্রতা ধরে রাখতে উপযোগী জাতের দ্রুত বীজ বপনের পরামর্শ দেয়া হচ্ছে। সেচ সঙ্কট মোকাবেলায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তীতে কোল্ড ইনজুরি মোকাবেলায় ও আগাম পরিকল্পনা গ্রহন ও পরামর্শ প্রদান করা হচ্ছে।