
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর হাতের স্বাভাবিক কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পাঁচ মাস পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত সহকারী শিক্ষিকা সেলিনা আখতারকে সাময়িক বরখাস্তের আদেশের চিঠি শিক্ষা অফিসে পৌঁছেছে। গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুটির ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তার বাবা। পরিবারের দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দল মানববন্ধন করেছে। সংবাদ সম্মেলনে শিশুটির বাবা ছাইদুর রহমান জানান, উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে সহকারী শিক্ষিকা সেলিনা আখতার স্টিলের বেত দিয়ে বেধড়ক মারধর করেন। ফলে সুমাইয়ার ডান হাত গুরুতর ফুলে গিয়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। গত পাঁচ মাস ধরে শিশুটি নিজ হাতে লিখতে বা খাবার খেতে পারছে না। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাতটি সম্পূর্ণ সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদেরও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। দীর্ঘদিনেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগী পরিবার চরম হতাশা প্রকাশ করে। ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন জানান, অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের চিঠি শিক্ষা অফিসে পৌঁছেছে; দ্রুত কার্যকর করা হবে। অভিযুক্ত শিক্ষিকা সেলিনা আখতার দীর্ঘ ২০ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








