চরভদ্রাসনে উচ্ছেদ হয়নি পদ্মার অবৈধ বাঁধ

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা 
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর বুকে অবৈধ বাঁধ নির্মাণ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চরম সঙ্কটে পড়েছেন নদীনির্ভর শত শত জেলে পরিবার।
ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বাঁধটি দ্রুত অপসারণের নির্দেশ দিলেও ১৮ দিনেও কার্যকর হয়নি। এর আগে বাঁধ অপসারণ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে স্থানীয় মৎস্যজীবীরা এমপির কাছে লিখিত আবেদন করেন। স্থানীয় জেলেদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে বাঁধ নির্মাণকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন। বাঁধ অপসারণের দাবি জানানো জেলেদের প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী সংযোগস্থলে নদীর ওপর আড়াআড়িভাবে বাঁধটি নির্মাণ করা হয়েছে। বাঁধের সাথে সূক্ষ্ম ফাঁদের জাল ও বাঁশের খাঁচা স্থাপন করে পোনা ও মা মাছ নির্বিচারে আহরণ করা হচ্ছে। এতে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী নদীর জলমহাল দখল ও অবৈধ বাঁধের মাধ্যমে মাছ আহরণ করে আসছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও তাদের কার্যক্রম বন্ধ হয়নি। নদীতে বাঁধ নির্মাণের ফলে জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন স্থানীয় জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান জানান, চরভদ্রাসন উপজেলায় ক্যাডার কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য রয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দিষ্ট নির্দেশনা না থাকায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। অন্য দিকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা। চরভদ্রাসন ইউএনও জুলহাস হোসেন সৌরভের কাছে সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে বিলম্বের কারণ জানতে চাওয়া হলেও তিনি নির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি।