
জাকারিয়া শেখ ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দুইপাড়ের অন্তত আট গ্রামের হাজারো মানুষ। দুই-তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাধ্য হয়ে কেউ বুক সমান পানি মাড়িয়ে, কেউ সাঁতরে আবার কেউবা জীবনের ঝুঁঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পার হচ্ছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বৃদ্ধরা।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাটে গিয়ে দেখা যায়, সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি অংশে প্রায় ১৫০ ফুট ভেঙে গেছে। ফলে স্বাভাবিকভাবে চলাচলের কোনো সুযোগ নেই এ সাঁকো দিয়ে।
স্থানীয়রা জানায়, প্রায় দেড় যুগ ধরে সাঁকোটি দিয়ে দুই পাড়ের মানুষ চলাচল করছে। এর আগে নৌকায় নদী পারাপার করতে হতো। প্রতিবছর বর্ষার আগে স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও গত বছর সংস্কার না করায় এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। দুই-তিন মাস আগে সাঁকোটির বড় অংশ ভেঙে যাওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে।
সাঁকোটি ভেঙে যাওয়ায় কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা, শিমুলবাড়ী হকবাজারসহ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ বিপাকে পড়েছে। স্থানীয় বাসিন্দা শেফালী রানী মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি পার হচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দুই-তিন মাস ধরে কষ্ট করে নদী পার হচ্ছি। সন্তানদেরও ঝুঁঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। আর কত কষ্ট করবো?’ দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানান তিনি।
স্থানীয় মুদি ব্যবসায়ী সাহেব আলী ও কৃষক বেলাল হোসেন জানান, এ পথে প্রতিদিন হাজারো মানুষ বালারহাট বাজারে যাতায়াত করে। দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।
শিক্ষার্থী সুমন, শাকিব, সবুজ, সাইফুল ও আবদুল জব্বার জানায়, বিকল্প পথ না থাকায় কখনো সাঁতরে, আবার কখনো ভাঙা সাঁকো দিয়ে ঝুঁঁকি নিয়ে নদী পার হতে হয়। চলাচলের সময় অনেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান রতন বলেন, সাঁকোটি দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র ভরসা। এটি দ্রুত মেরামত অথবা টেকসইভাবে নতুন সাঁকো নির্মাণ করা প্রয়োজন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাছেন আলী জানান, সাঁকোটি পুনঃনির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ হাসান বলেন, স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সেখানে দ্রুত একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








