হোসেনপুরে হুমকিতে কৃষি ও জীববৈচিত্র্য
খুরশিদ মহল সেতুর নিচে পানি শুকিয়ে পাটাতন জেগে উঠেছে : নয়া দিগন্ত।

জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ) 
কিশোরগঞ্জের হোসেনপুরে একসময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র নদ এখন নাব্যতা সঙ্কটে পড়ে স্রোতহীন মরা খালে পরিণত হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় হুমকির মুখে পড়েছে কৃষি সেচ, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য। কয়েক বছর আগে নদটি খনন করা হলেও তাতে কাক্সিক্ষত সুফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতু এলাকায় দেখা যায়, পানির অভাবে নদের স্বাভাবিক প্রবাহ নেই। কোথাও কোথাও সেতুর পাটাতনও দৃশ্যমান হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পলি জমে নদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নাব্য নেই বললেই চলে। এতে মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল সঙ্কুচিত হয়ে পড়েছে। জীবিকার সঙ্কটে অনেক জেলে পরিবার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। একসময় নদটির সাথে সংযুক্ত শাখা নদীগুলোও ভরাট হয়ে গেছে।
খুরশিদ মহল গ্রামের মানসুরুল হক রবিন, খাইরুল ঢালী ও আব্দুল ওয়াদুদসহ স্থানীয়রা জানান, একসময় উত্তাল ব্রহ্মপুত্র এখন অস্তিত্ব সঙ্কটে। নদীতে পানি না থাকায় সেচনির্ভর কৃষকদের দুর্ভোগ বাড়ছে। শুষ্ক মৌসুমে ছোট নৌকা চলাচলও ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাদের দাবি, নদটি পুনরায় খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক।
স্থানীয়দের অভিযোগ, নাব্য সঙ্কটের সুযোগে নদটির বিভিন্ন স্থানে জেগে ওঠা তলদেশে চাষাবাদ করা হচ্ছে। পাশাপাশি প্রভাবশালী কয়েকটি চক্রের বিরুদ্ধে বালু ও মাটি উত্তোলনের মাধ্যমে অবৈধ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং ছোট-বড় সেতু ও কালভার্ট ঝুঁকিতে পড়ছে। শুকনো মৌসুমে চর ও নদীর জমির দখল নিয়ে বিভিন্ন পরে মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে সময়ে সময়ে।
উপজেলার সাহেবের চর এলাকার ফরিদ উদ্দিন, শাহজাহান ও সাইফুল ইসলাম জানান, বর্ষায় নদীভাঙনে সাহেবের চরসহ তীরবর্তী এলাকার ফসলি জমি নদের বুকে বিলীন হচ্ছে। ভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। অন্য দিকে শুষ্ক মৌসুমে নাব্য সঙ্কটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের মতে, ব্রহ্মপুত্রের নাব্য ফিরিয়ে আনতে পরিকল্পিত খনন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেয়া এখন জরুরি হয়ে পড়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগ সচল হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও উপকৃত হবে।
একসময় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই নদের বুকে বিশাল নৌবহর চলাচল করত বলে স্থানীয় জনশ্রুতি রয়েছে। সেই ঐতিহ্যের ব্রহ্মপুত্র আজ নাব্যতা হারিয়ে অস্তিত্ব সঙ্কটে পড়েছে।