
নয়া দিগন্ত ডেস্ক
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির একটি বাস উল্টে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো চারজনের।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম (৫০), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতির আশিক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদেল আকবর বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এ ছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি কমাননি।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার সকালে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৮) নিহত হয়েছে।
সে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেনের মেয়ে। জানা যায়, অটোরিকশায় প্রতিদিনের ন্যায় সুমাইয়া সোমবার সকালে রছুল্লাবাদ অটোস্টেশন থেকে কলেজ যাওয়ার সময় আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা উল্টে গেলে ঘটনাস্থলে সুমাইয়া মারা যান। এই সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থী আহত হন। আহতরা হচ্ছে- ইভা (১৭) ও মিথিলা (১৭)।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের পতেঙ্গায় কেইপিজেডের পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে (সড়কদ্বীপ) ধাক্কা দিলে মো: আলমগীর নামের একজন নিহত হয়েছেন, যিনি বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় আরো অন্তত ১৮ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গার সি-বিচ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পতেঙ্গার সি-বিচ সড়ক দিয়ে যাওয়ার পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে আইল্যান্ডে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধারের কাজে হাত জানান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহত শ্রমিকদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর (২৩) ও হিনজুর (২২) নামের চারজনের পরিচয় নিশ্চিত করা গেছে। দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তারা সবাই কেইপিজেড এলাকার ‘বেনকট’ নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে একই দিনে হানিফ পরিবহনের দু’টি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে এক ঘটনায় হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্য ঘটনায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে এসপি ট্র্যাভেল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার ভোরে উপজেলার চুনতি হাটিকালচার নার্সারির সামনে হানিফ পরিবহন ও এসপি ট্র্যাভেলসের বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ বাস দু’টি জব্দ করে থানায় নিয়ে যায়।
অন্য দিকে একই দিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইকেল আরোহী শামসুল আলম নিহত হন। তিনি চুনতি শাহ সাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, শৈলকুপা-লাঙ্গল বাঁধ সড়কের ধলহরাচন্দ্র প্রাইমারি স্কুলে সামনে মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মণ্ডল নামে এক বৃদ্ধ মারা গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিনের বাড়ি উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে। স্থানীয় মুদি দোকানদার কুদ্দুস বিশ্বাস জানান রাতে বৃদ্ধ আজিম উদ্দিন মণ্ডল রাস্তায় হাটতে গেলে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








