
নিজস্ব প্রতিবেদক
ফিনল্যান্ডে দুর্ঘটনায় নিহত বাংলাদেশী নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ সে দেশের একটি হাসপাতালের হিমঘরে (মরচ্যুয়ারি) রাখা রয়েছে। আগামী সপ্তাহে তার লাশ দাফন হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, নিহত নাফিসকে ফিনল্যান্ডেই দাফন করার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে দাফন কার্যক্রমের জন্য কবর দেয়ার জায়গা কিনতে সিরিয়াল দেয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কবরের জায়গা পাওয়া গেলে নামাজে জানাজা শেষে দাফন করা হবে। একই সাথে বাংলাদেশেও গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নাফিস ইস্কান্দার ইসলামী ব্যাংকের সাবেক ইসি চেয়ারম্যান ও দিগন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খানের একমাত্র ছেলে। মরহুম নাফিসের ভগ্নিপতি হচ্ছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।
ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর গত ৭ নভেম্বর শনিবার বাংলাদেশী নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ। দেশটির হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নাফিসের গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও দুর্ঘটনার বিষয়টি কারো নজরে আসেনি। এর আগে গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাফিস। তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।
বিষয়টি নিয়ে দেশটির সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডে প্রতিবেদনও প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বেলা ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল।
বাংলাদেশী কমিউনিটির সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যায়। তবে এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের দেয়া বর্ণনায় বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় নাফিসের উচ্চতা ছিল প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল ছিল না এবং মুখে ছিল ঘন দাড়ি। ওই সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে বলে জানিয়েছিল পুলিশ। নাফিস কালো রঙের একটি অডি এ৭ (অঁফর অ৭) গাড়ি ব্যবহার করতেন বলে উল্লেখ করা হয়। যার নিবন্ধন নম্বর ছিল ঊঙঐ-৭৩৮।
পুলিশ জানিয়েছিল, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি ফিনল্যান্ডের যেকোনো স্থানে থাকতে পারেন বলেও আশঙ্কা করেছিল পুলিশ। এ ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে না আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








