চিকিৎসা ও শিক্ষার জন্য বিদেশে অর্থ পাঠানোর সীমা দ্বিগুণ সহজ হলো রেমিট্যান্স সুবিধা

 বিশেষ সংবাদদাতা

Advertisement

বিদেশে চিকিৎসা ও শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সাথে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অর্থ পাঠানোর সীমা ১৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। ফলে গুরুতর অসুস্থতা, জটিল চিকিৎসা কিংবা উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশগামী রোগীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে। এর পাশাপাশি, বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত হয়েছে। আগে স্কুলপর্যায়ের শিক্ষার জন্য বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন নির্দেশনায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে। অর্থাৎ বিনা মূল্যে শিক্ষার সুযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ব্যাংকগুলো অর্থ ছাড় করতে পারবে।
এ ছাড়া পত্রযোগাযোগ বা করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত একাডেমিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। আগে সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের জন্য অনুমোদন ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে এর সাথে নিয়মিত একাডেমিক শিক্ষাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দূরশিক্ষণ বা পত্রযোগাযোগের মাধ্যমে বিদেশী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা ব্যক্তিরা বাড়তি সুবিধা পাবেন।
অন্য দিকে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যখন তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম-এফএমজে-এর মাধ্যমে ঘোষণা করা হবে।
ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে শিক্ষা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে দেশে আনা বৈদেশিক মুদ্রার উৎস ও পরিমাণের যথাযথ নথিপত্র সংরক্ষণ এবং লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধানের সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজনীয় পরিবর্তনসহ কার্যকর হবে। তবে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সাথে নতুন সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটানো সহজ হবে। পাশাপাশি বৈধ বৈদেশিক মুদ্রা লেনদেনে প্রশাসনিক জটিলতা কমবে। তবে আরএফসিডি হিসাবে অর্থ জমার ক্ষেত্রে কাস্টমস ঘোষণার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।