
নয়া দিগন্ত ডেস্ক
দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে মোট পাঁচজন মারা গেছেন। এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ২৬০ জন। আর হামের উপসর্গে দুই জনের মৃত্যু এবং হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৩ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে সর্বশেষ পাঁচ জনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে মোট এক লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে এক হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৪৫ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ছয় হাজার ১৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৩ জন। এর মধ্যে এক হাজার ৩৫৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৭২ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৩৩৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৭৯ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৪০ হাজার ১৯৯ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৫২৩ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৭২২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৪ হাজার ২৫১ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ দুই হাজার ৩৮৩ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৯, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯২, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
সিলেট বিভাগে ডেঙ্গু-হামে হাসপাতালে ২০৯ জন
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু এবং হাম ও উপসর্গে মোট ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং ১৯৩ জন হাম ও উপসর্গে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ জনের হাম শনাক্ত হয়েছে।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৭ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৩০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
আর হাম ও উপসর্গে ২১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮০, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৪, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া চলতি বছরে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০ জনে। এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত এক হাজার ২০ জনের মধ্যে হবিগঞ্জে ৪০৪, সুনামগঞ্জে ২৩৭, সিলেটে ২৫৫ এবং মৌলভীবাজারে ৯১ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








