চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেয়া ইকরামকে প্রকাশ্যে গুলি

 চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দিয়ে’ আলোচনায় আসা এই ইকরামের পেটে গুলি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। 
ইকরামের স্ত্রী রুমা আক্তার সূচি অভিযোগ করেন, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তার স্বামীকে গুলি করেছেন। এর আগে তিনি হুমকি পাওয়ার কথাও জানান।
গুলিবিদ্ধ ইকরাম নগরীর মুরাদপুর এলাকার মো: ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, দু’টি মোটরসাইকেলে করে পাঁচজন এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, বেলা সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এ ছাড়া নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো: বিধান আবিদ জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেফতার করেছিল। 
এদিকে ইকরামের স্ত্রী রুমা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘দুপুরে বাসা থেকে নিচে নেমেছিলেন ইকরাম। এ সময় তাকে গুলি করা হয়।’ এ ঘটনার জন্য সন্ত্রাসী বড় সাজ্জাদ, তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইলসহ  কয়েকজনকে দায়ী করে তিনি বলেন, ‘এর আগেও বিভিন্ন সময়ে তারা ইকরাম ও আমাকে হুমকি দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছিলাম। তারা আমার স্বামীকে অস্ত্র নিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করিয়েছিল।’
গত বছরের ১৪ নভেম্বর ইকরামকে বিদেশী নম্বর থেকে এসএমএসে হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেছিলেন রুমা। এসএমএস বার্তায় লেখা ছিল- ‘খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।’ এ ঘটনার জন্য ইকরাম সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন।
চলতি বছরের ২০ মার্চ ইকরামের স্ত্রী সূচি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন। সেখানে তিনি সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছিলেন।
তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিংক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছিল তখনকার র‌্যাব। সংস্থাটি দাবি করে, এ সময় ইকরামের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের দুইটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইকরামের স্ত্রী দাবি করেছিলেন, তার স্বামীকে ফাঁসানো হয়েছে।