
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সময় বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ইউজিসির এ সিদ্ধান্ত অনুসরণ না করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, ভর্তি কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত তারিখেই অনুষ্ঠিত হবে। ইউজিসির সিদ্ধান্তের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত নয়।
এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এদিকে সোমবার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে মতবিনিময় সভা করে ইউজিসি। সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ লিখিত বক্তব্যে জানান, আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ইউজিসির এ সভায় অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ইউজিসির সিদ্ধান্তের পর সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা বসে। সভায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়।
এর আগে গত ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সাপ্লিমেন্টারি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়টি আলোচনায় আসে। তবে সেদিন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাবির আবেদন শুরু ১১ নভেম্বর, ক্লাস শুরু ২৮ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্লাস আগামী বছরের ২৮ মার্চে শুরু হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








