জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা : স্পিকার

সংসদ প্রতিবেদক

Advertisement

সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদের বৈঠক শুরু হয়। স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাক্সক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ দেশে আবার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
স্পিকার বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণ-অভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্রগঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন স্পিকার। 
আ’লীগ সরকারের প্রকল্পে অনিয়মের তদন্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারে পড়ে না: স্থানীয় সরকারমন্ত্রী : আওয়ামী লীগ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের বিষয় তদন্ত করা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা জানান। 
শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান (ক) বিগত আওয়ামী লীগ সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্পে সর্বমোট কত টাকা ব্যয় করেছে; এবং বেশির ভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিবর্গকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেয়ার বিষয়টি তদন্তপূর্বক কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা; এবং (খ) ‘ক’ প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হইলে, তাহা কী?
উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পটি জুলাই ২০০৯ হতে জুন, ২০২১ মেয়াদে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮৮৫২৭.০৫ লাখ টাকা। প্রকল্পটি ৩০ জুন, ২০২১ এ শেষ হয়েছে। প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে রূপদানের জন্য প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়ে ১ জুলাই, ২০২১ হতে অর্থ মন্ত্রণালয়ের ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগে’ হস্তান্তরিত হয়ে এ সংক্রান্ত কার্যক্রম উল্লিখিত বিভাগ হতে চলমান রয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কোনো কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্তকরণে এ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না মর্মে প্রতীয়মান হয়।
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষিত এনজিও মোট ৭২২টি : স্বরাষ্ট্রমন্ত্রী
বিভিন্ন কারণে ২০০৯ হতে ২০২৪ সাল পর্যন্ত এনজিওবিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষিত এনজিও মোট ৭২২টি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও-বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও-বিষয়ক ব্যুরো কর্তৃক বৈদেশিক অনুদান প্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসঙ্ঘের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রতিরোধে, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এনজিও-বিষয়ক ব্যুরো বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করছে। এনজিও-বিষয়ক ব্যুরো নিজস্ব এবং সরকারের বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়, এনজিওদের প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও তদারকি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯  থেকে ২০২৪ পর্যন্ত সময়ে এনজিও-বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষিত এনজিওগুলোর সংখ্যা মোট ৭২২টি। বিভিন্ন কারণে এনজিওগুলোর নিবন্ধন বাতিল করা হয়। তন্মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনকালীন সময়ে প্রদত্ত শর্ত ও পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা, ভুয়া বা নকল খবঃঃবৎ ড়ভ ওহঃবহঃ (খঙও) দাখিল করা ইত্যাদি উল্লেখযোগ্য।
এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে যা জানালেন স্পিকার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ সংক্রান্ত প্রাপ্ত পত্রটি পাঠ করে তিনি সংসদ সদস্যদের এ তথ্য জানান।
সংসদে স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর (২০২৬) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডি মূলে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে এমপি জি এম নজরুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানার ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
স্পিকার আরো জানান, গ্রেফতারের পর তাকে ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন।
সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধির আলোকে ১৭২ বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যের গ্রেফতারের পত্র পাওয়ার পর তা দ্রুততম সময়ে সংসদে পাঠ করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন।
কিশোর গ্যাং ঠেকাতে ওয়ার্ড-ইউনিয়নে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা 
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদের বৈঠকে মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী মো: আমিনুল হক এ তথ্য জানান। মন্ত্রী জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ইভেন্টগুলো হলো- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।
মন্ত্রী আরো জানান, এসব কার্যক্রম বাস্তবায়নে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও পরিচালিত হচ্ছে।
কর্মসংস্থান বাড়েনি, বিদেশে যাওয়ার সুযোগও কমেছে : সংসদে হাসনাত
দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানের সুযোগ ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন। 
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের প্রাইভেট সেক্টরের ঋণ ছাড়, যেটা সর্বকালে গত তিন দশকের মধ্যে সবচেয়ে কমে চলে আসছে। সেটা তিন দশমিক ৪২ শতাংশে চলে আসছে। প্রাইভেট সেক্টরে কোনো ধরনের লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না। এবং আমাদের কর্মসংস্থান ১৮ মাসে হওয়ার কথা ছিল দেড় কোটি। এখন পর্যন্ত আমরা জানি নাই যে আসলে কত পরিমাণ কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং ওভারসিজ কর্মসংস্থান ৩৫ শতাংশ কমে গিয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই যে এখন আমার বাড়ি, আমার খামার; আওয়ামী লীগের সময়ে এই প্রকল্পটির নাম ছিল একটি বাড়ি, একটি খামার এবং দুই মেয়াদের আমলেই সেটার নাম পরিবর্তন হয়েছে এবং এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’ 
প্রতিমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি এবং ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কী পরিমাণ দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী উৎপাদিত হয়েছে, যারা ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এই হিসাবটা আছে কি না? এবং যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতিগুলোর পিডির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই বিচারটা কোন জায়গায় রয়েছে, সেটা জানতে চাচ্ছি।’  জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম বলেন, ‘উনি অনেকগুলো প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে উনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।’
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত 
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেয়া হয়েছে। অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের নাম ঘোষণা করেন। মনোনীত সদস্যরা হলেন- মো: শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। 
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
চারজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরী (সাবেক গণপরিষদ সদস্য), সাবেক সংসদ-সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক সংসদ-সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আব্দুল হাই এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এ ছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গ্রহণ করা হয়।
মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে সংসদে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সংসদে মুনাজাত : আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মুনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একইসাথে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মুনাজাত পরিচালনাকালে এ প্রার্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী। মুনাজাতে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে সমগ্র রাষ্ট্রের নাগরিকরা যে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, আমরা যেন তা সততার সাথে বাস্তবায়ন করতে পারি।’