এক ম্যাচে ৫১ লাল কার্ড!
এক ম্যাচে ৫১ লাল কার্ড!।

নয়া দিগন্ত ডেস্ক

ব্রাজিলের এক অনূর্ধ্ব-২০ ম্যাচে সম্প্রতি নজিরবিহীন ঘটনা ঘটল। ৬০ মিনিটের মধ্যেই ৫১ জনকে লাল কার্ড দেখানো হলো। তার মধ্যে ৪৩ জন ফুটবলার ও আটজন সাপোর্ট স্টাফ। এমন পরিস্থিতি তৈরি হয় যে, খেলা বন্ধই করে দিতে হয়। পরিস্থিতি সামলাতে নামাতে হয় সেনা।
অনূর্ধ্ব-২০ দ্বিতীয় ডিভিশনে উবেরলান্দিয়া বনাম মামোরে খেলা চলছিল। ৫৪ মিনিটের মাথায় ৩-১ গোলে এগিয়ে যায় মামোরে। তার পরেই শুরু হয় গণ্ডগোল। মামোরের স্ট্রাইকার দাভি দৌড়ে গিয়ে উবেরলান্দিয়ার বেঞ্চের সামনে কিছু অঙ্গভঙ্গি করেন। তা পছন্দ হয়নি উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাউলো সের্জিয়োর। তিনি মাঠে নেমে দাভিকে ধাক্কা মারেন। তার পরেই আসরে নেমে পড়েন বাকিরা।
দুই দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কর্মকর্তারাও মাঠে নেমে ধাক্কাধাক্কি শুরু করেন। ধীরে ধীরে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে থাকে। একে অপরের দিকে পানির বোতল, ফুটবল, বরফ রাখার বাক্স, চেয়ার ছুড়তে শুরু করেন তারা। কয়েকজন বলবয়ও জড়িয়ে পড়ে গণ্ডগোলে।
সব মিলিয়ে প্রায় ৪০ মিনিট ধরে বিবাদ চলে। পরিস্থিতি সামলাতে সেনা নামাতে হয়। খেলা বন্ধই হয়ে যায়। রেফারি ফের্নান্দো প্যাট্রিক তার রিপোর্টে জানিয়েছেন, মোট ৫১ জনকে লাল কার্ড দেখিয়েছেন তিনি। পরে বিবেচনা করে কয়েকজনকে আরো কড়া শাস্তি দেয়ার আবেদন করেন তিনি। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার ক্লেপোল বনাম ভিক্টোরিয়ানো ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। সে রেকর্ড ভেঙে গেল। নতুন রেকর্ড গড়ল ব্রাজিলের ফুটবল ম্যাচ।