ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে চট্টগ্রাম চেম্বার : সভাপতি

 চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামকে আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব বাণিজ্যনগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম চেম্বার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন চেম্বার সভাপতি আমিরুল হক। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা সমাধানে চেম্বার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। 
গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে নগরীর বিভিন্ন মার্কেট ও অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময়কালে চেম্বার সভাপতি এ কথা বলেন। সভায় মার্কেট ও শপিংমলগুলোর বিভিন্ন ব্যবসায়িক সমস্যা তুলে ধরেন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতাদের। 
ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে চেম্বার সভাপতি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমকে আরো গতিশীল করতে চেম্বার সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে। মার্কেট অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দফতর ও সংস্থার সাথে আলোচনা করে তা স্থায়ীভাবে সমাধান করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। তিনি ব্যবসায়ীদের প্রশাসনের ডিলিং লাইসেন্সের নামে হয়রানিরোধে এবং যত্রতত্র মেলার অনুমতি প্রদান না করার জন্য সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি আগের মতো প্যাকেজ ভ্যাট বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরের সাথে কাজ করা হবে। একই সাথে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহবান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে তেমনি নেট মিটারিংয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবানও হওয়া যাবে। এর ফলে নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা থাকবে না। 
সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, কোনোরূপ ট্যাক্স, ভ্যাট না দেয়া হকারদের যত্রতত্র অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখলের কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে যেমনি বিঘœ সৃষ্টি হচ্ছে তেমনি বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বড় অঙ্কের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চেম্বার সিনিয়র সহসভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী, চেম্বারের প্রাক্তন সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, চেম্বার পরিচালক মো: আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, টেরিবাজার দোকান মালিক সমিতির সভাপতি এম এ মান্নান, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির মনির হোসেন, তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য নজরুল ইসলাম মামুন, হোটেল রেস্তোঁরা মালিক কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস আহম্মেদ ভূইয়া, আজম খান, পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা মো: শামীম, সিজলের চেয়ারম্যান মো: নুরুল আলমসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বার সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, মো: সেলিম নুরসহ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।