প্রথমবারের মতো টেকসই উন্নয়নের প্রতিবেদন প্রকাশ সুপার শপ স্বপ্নের
প্রথমবারের মতো টেকসই উন্নয়নের প্রতিবেদন প্রকাশ সুপার শপ স্বপ্নের।

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনে কৃষকদের সহায়তা, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ, পরিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়েছে। রোববার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের ৬৮৫টি আউটলেট চালু রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন এক লাখ ৪৪ হাজারের বেশি পরিবার সেবা পাচ্ছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে আট হাজার ৫০০ জনের বেশি কর্মী কাজ করছেন, যার ১৯ শতাংশ নারী। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। 
প্যানেল আলোচনায় সিএসআর সেন্টারের চেয়ারম্যান ফারুক সোবহান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা জানান, সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে এবং কার্বন নিঃসরণ কমাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছেন। এ ছাড়া জাপানি দূতাবাসের মিনিস্টার ইয়োশিদা আয়া খাদ্য অপচয় রোধ এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, রিটেইল খাতের ভবিষ্যৎ নির্ভর করছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর। জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সামঞ্জস্য রেখে তৈরি এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।