
অর্থনৈতিক প্রতিবেদক
চলতি সপ্তাহে টানা দ্বিতীয় দিনের মতো সূচক হারাল দেশের পুঁজিবাজার। কিন্তু তা সত্ত্বেও দিনশেষে প্রধান পুঁজিবাজারটির লেনদেনের যথেষ্ট উন্নতি অনেকটা আশা জাগিয়ে রাখল সামনের দিনগুলোর বাজার আচরণের সম্ভাবনাময়। তা ছাড়া সূচকের কিছুটা অবনতির মধ্যেও বেশ কয়েকটি কোম্পানির দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকেও বাজারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দিনের বাজার আচরণকে তাই তারা স্বাভাবিকভাবেই নিয়েছেন।
সোমবার লেনদেন শুরুর পর দুই ঘণ্টা পুঁজিবাজারগুলো সূচকের কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। দুপুর ১২টার দিকেই প্রথম বিক্রয়চাপ সৃষ্টি হয়। এ সময় ব্যাংক ও বিমার মতো বড় মূলধনের খাতগুলো দর হারাতে থাকলেও অপেক্ষাকৃত কম মূল্যস্তরে থাকা কোম্পানিগুলো এর আগে হারানো দরের একটি অংশ ফিরে পেতে দেখা যায়। এক পর্যায়ে এ ধরনের বেশ কয়েকটি কোম্পানি দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরেও পৌঁছে যায়। কিন্তু ব্যাংক ও বিমার মতো বড় মূলধনী খাতের পতনের ফলে দিনশেষে সূচকের উন্নতি ধরে রাখতে পারেনি বাজারগুলো।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৬ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৪০২ দশমিক ৬৮ পয়েন্ট থেকে সোমবার সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল দিনশেষে নেমে আসে ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর অবনতি ঘটে যথাক্রমে ৮ দশমিক ৯১ ও ৪ দশমিক ৪৯ পয়েন্ট। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১৪ দশমিক ৫১ পয়েন্ট হারায়। ১৪ হাজার ৪৬৯ দশমিক ১৫ পয়েন্ট থেকে সকালে যাত্রা করা সূচকটি ওইদিন বিকেলে ১৪ হাজার ৪৫৪ দশমিক ৬৩ পয়েন্টে স্থির হয়। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি রেকর্ড করা হয় যথাক্রমে ২৩ দশমিক ২৯ ও ৮ দশমিক ৬৬ পয়েন্ট।
সূচকের অবনতি ঘটলেও গতকাল ঢাকা স্টকে লেনদেনের উন্নতি ঘটে। ডিএসই গতকাল ৬৫৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করতে সক্ষম হয় যা আগের দিন অপেক্ষা ৯৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইর লেনদেন ছিল ৫৫৮ কোটি টাকা। তবে লেনদেন কমেছে চট্টগ্রাম শেয়ারবাজারে। সিএসই গতকাল ৯ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে। রোববার বাজারটির লেনদেন ছিল ১১ কোটি টাকা।
এ দিকে চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) আগের সময়ের তুলনায় বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে কোম্পানি কর্তৃক প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সায়। আগের বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ছিল ১২ টাকা ৬২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে পরিচালন নগদপ্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একইভাবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সায়। ২০২৬ সালের ৩০ জুন শেষে এই সম্পদমূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।
প্রথম প্রান্তিকে আর্থিক সূচকগুলোর এই উন্নতির কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে গ্রুপের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় কমে আসার কারণে মুনাফায় এই প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানিটির ভাষ্য মতে, মূলধন কাঠামো পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি বিচক্ষণতার সাথে ব্যবস্থাপনার ফলে নিট অর্থায়ন ব্যয় কমেছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির মুনাফায়।
অপর দিকে বছরওয়ারি কোম্পানিটির সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত থাকার ফলে নিট মুনাফা বৃদ্ধির সরাসরি প্রতিফলন ঘটেছে শেয়ারপ্রতি আয়ে। অর্থাৎ শেয়ারের সংখ্যা না বাড়ায় মুনাফার প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ইপিএসও বেড়েছে। পরিচালন নগদপ্রবাহ বৃদ্ধির বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রধান কারণ ছিল পরিচালন মুনাফা বৃদ্ধি। পাশাপাশি কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তনও নগদপ্রবাহ বাড়াতে সহায়তা করেছে।
কার্যকরী মূলধনের এই ইতিবাচক অবদান মূলত মজুদ পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে আসা এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের অনুকূল পরিবর্তনের কারণে হয়েছে। তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবের পেছনে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ইতিবাচক প্রভাবের কিছুটা অংশ সমন্বিত হয়েছে। সামগ্রিকভাবে রাজস্ব ও নিট মুনাফা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় উন্নতির কারণে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে রেনাটা পিএলসির আর্থিক সূচকগুলোতে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








