সড়ক দুর্ঘটনায় আহত শিবির নেতা এরফান উল্লাহর ইন্তেকাল

 চট্টগ্রাম ব্যুরো
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য এরফান উল্লাহ (২৬)। তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরফান উল্লাহ। এরপর থেকে টানা তিন বছর তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার বাদ জোহর চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের ইমামতিতে আয়োজিত এই জানাজায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Advertisement