
১৭ বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়নের কারণে নান্দনিক চট্টগ্রাম নগরী ক্ষতবিক্ষত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তিনি বলেন, একসময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নগরীর বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও সরকারি জায়গা অবৈধ দখলের চিত্র তুলে ধরে তিনি বলেন, কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। পরে বাকলিয়া এক্সেস রোডে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








