মিসরে দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহত ও শতাধিক আহত ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল এক শোক বিবৃতিতে বলেন, গত ৮ নভেম্বর মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, মিসর সরকার ও সে দেশের জনগণ শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।