শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদন হাস্যকর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক 
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনটি ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। 
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ব্রিটেনের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। দিল্লি মিশন থেকে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ই-মেইলটিতে শেখ হাসিনার ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি ছিল না। নিয়মানুযায়ী, কারো পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাসপোর্ট ইস্যুর আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অথরাইজেশন প্রয়োজন হয়। 
ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়া সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। তিনি ভারত সরকারকে সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বলতে পারেন। শেখ হাসিনা দেশে এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে পারেন। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি পরামর্শক সংস্থার আবেদনের ভিত্তিকে আইনি ও নৈতিকভাবে দুর্বল বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই তাদের মক্কেল সম্পর্কে জানা উচিত। তাদের মক্কেল এমন একজন ব্যক্তি, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় হাজার হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছেন, এরপর ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার আগে আরো দেড় হাজার মানুষ হত্যা করেছেন।  
হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করা ব্রিটিশ ল’ ফার্মের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার মক্কেলকে জানুন, তার দুর্গন্ধযুক্ত ও বাংলাদেশের জনগনের লুট করা টাকার পেছনে ছুটবেন না। কিছু নীতিগত সীমা মেনে চলুন। আপনার যদি সেসব সীমা না থাকে, তাহলে বিশ্বব্যাপী লজ্জিত হবেন।’ 
হুমায়ুন কবির বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। 
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্রিটিশ ল’ ফার্মের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা।  
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ফিলিস্তিনের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। 
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জামের সাথে। বৈঠকে তিনি এসব কথা বলেন। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে নিবিড় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ফিলিস্তিনের সাথে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। তিনি ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সংহতি এবং তাদের বৈধ অধিকার ও প্রত্যাশার প্রতি অব্যাহত সমর্থনের কথা জানান। 
ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী গাজা ও দখলীকৃত পশ্চিমতীরের বর্তমান চরম মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির কথা হুমায়ুন কবিরকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি ও জাতিসঙ্ঘের প্রস্তাবের প্রতি ইসরাইলের অব্যাহত অবমাননার বিষয়টি তুলে ধরেন। 
ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক ও অবিচল সমর্থনের জন্য আবু জাম ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন। 
রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে আহ্বান : আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশনকে (আইএফআরসি) তাদের বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 
গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি হিসেবে সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এই আহ্বান জানান।
আন্তর্জাতিক তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন। রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সঙ্কটের একমাত্র টেকসই সমাধান বলে তিনি উল্লেখ করেন।