
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ পরিস্থিতি ও হাউছিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে এখনো ফ্লাইট চলাচল শুরু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জেদ্দা ও মদিনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দাম্মাম রুটেও ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলাসহ বিভিন্ন এয়ারলাইন্সের সৌদিগামী মোট ১৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২৩ হাজারের বেশি যাত্রী সরাসরি গন্তব্যে যেতে পারেননি। তবে চাকরি রক্ষায় তাদের অনেকে বিকল্প রুটে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেছেন।
গতকাল সোমবার রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) নয়া দিগন্তকে বলেন, বর্তমানে রিয়াদ ছাড়া সৌদি আরবের অন্য সব রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। দাম্মাম রুটেও ফ্লাইট চালু হয়েছে। প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে রিয়াদ রুটে ফ্লাইট এখনো বন্ধ রয়েছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে তিনি বলেন, ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়া অনেক যাত্রী বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরব চলে গেছেন।
এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, সৌদিয়া এয়ারলাইন্স ও রিয়াদ এয়ারওয়েজের সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ২৩ হাজার ১৬১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে গতকাল পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো তথ্য জানায়নি সংস্থাটি।
উল্লেখ্য, ইয়েমেনের হাউছিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দু’টি বিমানবন্দরেই ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। রিয়াদে হামলায় দুই বাংলাদেশী নিহত হওয়ার পাশাপাশি ২৪ জন গুরুতর আহত হন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশী আহত হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








