
বিবিসি ও সিবিএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পেছনে নিজের অভিবাসন ও ইসরাইলনীতির ভূমিকা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার অভিবাসনবিরোধী দমনাভিযান ‘খুব কঠোর’ ছিল আর এটি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে ভূমিকা রেখেছে। তেমনি ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান অনীহা অন্যতম কারণ বলে মনে করেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। অবশ্য ইরানের সাথে যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াকেও দলটির ভরাডুবির জন্য দায়ী করেছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর থেকে তার রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান ও নির্ধারণী মূলনীতি থেকে ট্রাম্পের প্রকাশ্যে পিছু হটার অন্যতম সবচেয়ে স্পষ্ট নজির এটি। রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করতেন অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমিয়ে আনার জন্য তিনি একটি ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য; কিন্তু নির্বিচারভাবে (দেশ থেকে) ব্যাপক বহিষ্কারের জন্য তিনি রাজনৈতিকভাবে ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন। ট্রাম্প এমন কথা বললেও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পথ থেকে সরে আসছে না; কিন্তু নির্বাচনের দিনের জনমত জরিপ অনুযায়ী, অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থার পর মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন।
টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোর লাতিনো ভোটারদের ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সাহায্য করেছে। ‘৬০ মিনিটস’কে ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি তার রিপাবলিকান সহকর্মীদের ক্ষেত্রে ‘উপকারী ও ক্ষতিকর’ উভয়ই হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সম্প্রচারিত অনুষ্ঠানটিতে তিনি বলেন, ‘আমি ভেবেছি সীমান্ত বন্ধ করার জন্য আমি একটি এ প্লাস পেয়েছি। মানুষকে বের করে দেয়ার ক্ষেত্রে, খারাপ লোকদের তাড়িয়ে দেয়ার জন্য আমি খুব উচ্চ নম্বর পাবো; কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এমন মানুষদেরও ধরেছি যাদের ভালো চাকরি ছিল, যারা শুধু একটিমাত্র আইনই লঙ্ঘন করেছিল আর তা হলো তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল। আমি মনে করি এটি খুবই কঠোর ছিল।’ কোনো বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আরো বলেন যে, তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সাথে ‘অভিবাসন নিয়ে কিছু একটা করতে পছন্দ করবেন।’ ঠিক এক বছর আগে ‘৬০ মিনিটস’-এর সাথে আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প দৃঢ়ভাবে বলেছিলেন, তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানগুলো ‘যথেষ্ট দূর পর্যন্ত যায়নি’। কিন্তু রোববার তার এই নমনীয় কথাবার্তা ছিল ওই দিনই সকালে হোয়াইট হাউজ থেকে বিবিসিকে দেয়া একটি বিবৃতির সম্পূর্ণ বিপরীত। হোয়াইট হাউজের এক নারী মুখপাত্র প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘আমাদের সমাজকে অস্থির করে তোলা অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বিতাড়নের প্রচেষ্টা এই প্রশাসন কোনোভাবেই ধীর করবে না।’
রোববার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও তাদের অবস্থান থেকে ইউ-টার্ন বা পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। ডিএইএসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আইস কোনোভাবেই পিছিয়ে আসছে না বা তাদের কাজের গতি কমাচ্ছে না।’
শুক্রবার অভিবাসনবিরোধী কট্টরপন্থী স্টিফেন মিলারকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে ট্রাম্পের পদোন্নতি দেয়ার সিদ্ধান্তটি স্পষ্ট করে দেয় যে, প্রশাসনের পক্ষ থেকে কোনো নমনীয়তা দেখানো হচ্ছে না। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদকালে প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার হিসেবে মিলারকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের অভ্যন্তরীণ সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় দুই হাজার ৭০০ জন অবৈধ অভিবাসী গ্রেফতারের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেয়া হয়েছে, যা আগের দৈনিক দুই হাজার জন গ্রেফতারের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। চলতি বছরের এই ব্যাপক অভিযানগুলো শিকাগো, মিনিয়াপোলিস এবং লস অ্যাঞ্জেলেস-সহ বিভিন্ন শহরে আইস-বিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছিল। এর মধ্যে মিনিয়াপোলিসে রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নামের দুই মার্কিন বিক্ষোভকারী অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন।
তিনি বলেন, ‘এর বাইরেও কিছু বিষয় ছিল। মানুষ যুদ্ধ পছন্দ করেনি। তারা জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াও মেনে নিতে পারেনি।’ ট্রাম্পের দাবি, ইরানের সাথে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, সবাই একমত যে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’ সাক্ষাৎকারে ইসরাইলের প্রতি মার্কিনিদের নেতিবাচক মনোভাবের বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আর অবিশ্বাস্য হলেও সত্য, ইসরাইলের প্রতি মানুষের ব্যাপক অনীহা তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ইসরাইলের প্রতি একধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে। সুতরাং আপনারা যুদ্ধের বিষয়টি পাচ্ছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টিও পাচ্ছেন। আমার মনে হয়, এগুলোই পরাজয়ের প্রধান কারণ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








