
বেনাপোল (যশোর) সংবাদদাতা
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় গতকাল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এদিন সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টম হাউজ ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলেছে। সেই সাথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক ছিল।
একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে এ বন্দরে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী গতকাল বলেন, সোমবার দীপাবলি (কালীপূজা) উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ ছিল। মঙ্গলবার (আজ) সকাল থেকে আবার পেট্রাপোল-বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি চলবে।
এদিকে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে যাত্রী পারাপার এবং বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন। তিনি বলেন, ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ভারতে কালীপূজার ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








