
চট্টগ্রাম ব্যুরো
দুই সন্তানকে নিয়ে সাজানো ছোট্ট সংসার। বড় ছেলের বয়স ১০ বছর, ছোটটির মাত্র ১০ মাস। তাদের ঘিরেই ছিল বাবা-মায়ের সব স্বপ্ন। কিন্তু ডেঙ্গু, হাম ও নিউমোনিয়ার কাছে হার মানতে হলো দুই ভাইকেই। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে নিঃসন্তান হয়ে পড়েছেন মোহাম্মদ কবীর ও আমেনা বেগম দম্পতি।
এক ছেলেকে দাফন করে বাড়ি ফেরার পর, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ১০ মাসের ছোট ছেলেও মারা গেছে। এতে বড় ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন চলছে মাতম। দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবীর। শেষ পর্যন্ত কোনো সন্তানকেই বাঁচাতে পারেননি। ছোট ছেলের মৃত্যুর পর কান্নাজড়িত কণ্ঠে কবীর বলেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। এখন আর বেঁচে থেকে কী হবে? আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল।’
পরিবার সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে অসুস্থ দুই সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন মোহাম্মদ কবীর ও স্ত্রী আয়েশা বেগম। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ইমপেরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার মারা যায় সে। ওই দিনই নগরের মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
একই সময়ে ছোট ছেলে আবু বক্করের চিকিৎসা নিয়েও শুরু হয় দৌড়ঝাঁপ। বড় ভাইয়ের মতো সেও হামের উপসর্গ, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তিনটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা শেষে তাকেও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার দিবাগত রাতে মারা যায় শিশুটি।
ধারদেনা করে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন কবির ও আয়েশা। সন্তানদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত শূন্য হাতে হাসপাতাল ছাড়তে হয়েছে এই দম্পতিকে।
এর আগে রোববার ছোট ছেলের সঙ্কটাপন্ন অবস্থার কথা জানিয়ে কবীর বলেছিলেন, ‘এক ছেলেকে দাফন করে ফিরেছি। অন্যজনকে হারানোর চিন্তা আমি সহ্য করতে পারছি না।’
নগরের হিলভিউ এলাকার রোড নম্বর ১ এর একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকেন মোহাম্মদ কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন। দুই সন্তানের চিকিৎসায় আড়াই থেকে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান তিনি।
বড় ছেলে আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুই ছেলেকে ঘিরেই ছিল কবীর ও আমেনার সব স্বপ্ন। কিন্তু কয়েক দিনের অসুস্থতায় সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








