
আজ ১০ নভেম্বর, দৈনিক নিউ এজের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক হলিডের সাবেক প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের ২১তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ এনায়েতুল্লাহ খান ২০০৫ সালের এ দিন কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৬৬। সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত এনায়েতুল্লাহ খানের সাংবাদিকতার কর্মজীবন শুরু হয় ২০ বছর বয়সে পাকিস্তান অবজারভারে প্রদায়ক প্রতিবেদক হিসেবে ১৯৫৯ সালে। তিনি ইংরেজি সাপ্তাহিক হলিডে প্রতিষ্ঠা করেন ১৯৬৫ সালে এবং সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ১৯৬৬ সালে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টাইমসের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের জুনে এনায়েতুল্লাহ খান প্রকাশ করেন ইংরেজি দৈনিক নিউ এজ।
সাংবাদিকতা ছাড়াও বৈচিত্র্যময় জীবনে তিনি সরকারের মন্ত্রী (১৯৭৭-৭৮) এবং রাষ্ট্রদূত (চীন, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, মায়ানমার ১৯৮৪-১৯৮৯) হিসেবে দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ নির্দলীয় এনায়েতুল্লাহ খান বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। রক্ষী বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সংগঠন সিভিল লিবারটিজ অ্যান্ড লিগ্যাল এইড কমিটি (১৯৭৪), জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ফারাক্কা মার্চ কমিটি (১৯৭৬), কমিটি এগেইনস্ট কমিউনালিজমের (১৯৮১) অন্যতম সংগঠক ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর এনায়েতুল্লাহ খান বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে নেতৃত্ব দেন বিভিন্ন সংগঠনের। এ ছাড়া তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক, ঢাবি স্টুডেন্টস ইউনিয়নের সদস্য ছিলেন ১৯৫৮-৫৯ সালে এবং ঢাকা হলের (এখন শহীদুল্লাহ হল নামে পরিচিত) স্টুডেন্টস ইউনিয়নের সহসভাপতি ছিলেন ১৯৫৯-৬০ সালে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে এনায়েতুল্লাহ খান দায়িত্ব পালন করেন ১৯৭৩-৭৬ সালে এবং ঢাকা ক্লাবের সভাপতি ছিলেন ১৯৮৪-৮৫ সালে। ১৯৩৯ সালের ২৫ মে জন্মগ্রহণ করা এনায়েতুল্লাহ খান পাকিস্তানের পার্লামেন্টের সাবেক স্পিকার বিচারপতি মরহুম আŸদুল জব্বার খানের তৃতীয় সন্তান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








