
গাজীপুর মহানগর প্রতিনিধি
সততা, আমানতদারিতা ও কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে ব্যবসা পরিচালনার পাশাপাশি উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ইসলামিক বিজনেস ফোরাম (আইবিডব্লিউএফ)। গাজীপুর মহানগরীতে আয়োজিত ব্যবসায় ট্রেড ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম এই আহ্বান জানান।
সোমবার গাজীপুর মহানগর আইবিডব্লিউএফের উদ্যোগে এই ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরের সভাপতি মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মহানগর অফিস সম্পাদক মাওলানা তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম ও কেন্দ্রীয় এমসি সদস্য আলীমুল এহছান চৌধুরী।
শহিদুল ইসলাম বলেন, পবিত্র কুরআনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। সালাত আদায়ের পাশাপাশি জমিনে ছড়িয়ে পড়ে হালাল উপায়ে জীবিকা অর্জনের নির্দেশ দেয়া হয়েছে। সাহাবিদের জীবনে সফল ব্যবসা ও অর্থনৈতিক সমৃদ্ধির বহু দৃষ্টান্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হজরত আবদুর রহমান ইবনে আউফ রা:, হজরত উসমান রা: ও হজরত ওমর রা: নিজেদের অর্জিত সম্পদ ইসলামের কল্যাণে ব্যয় করেছিলেন। অতীতের বিভিন্ন জাতির ধ্বংসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ব্যবসায়ীদের অন্যায়, অনিয়ম ও অসততা পরিহার করার আহ্বান জানান তিনি।
খুচরা ও পাইকারি কেনাবেচায় সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তাদের উৎপাদন ও শিল্পায়নে এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও নিজস্ব ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য বহুগুণ বাড়ানো সম্ভব। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি। চীন ও ইউরোপের অগ্রগতির উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশকেও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা তৈরি এবং শিল্পায়নে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে আইবিডব্লিউএফের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জানানো হয়, ১৯৭৬ সালে সুদমুক্ত ব্যবসা পরিচালনার লক্ষ্য নিয়ে ‘মুসলিম বিজনেসম্যান সোসাইটি’ গঠিত হয়েছিল, যা পরবর্তী সময়ে ২০০৬ সালে সরকারি নিবন্ধন নিয়ে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ) নামে আত্মপ্রকাশ করে। সমাবেশে সদস্যদের শিল্পকারখানা পরিদর্শন, চীন ও তুরস্কে আন্তর্জাতিক প্রশিক্ষণ সফর এবং আজীবন সদস্যদের জন্য চিকিৎসাসেবাসহ সংগঠনের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ও তুলে ধরা হয়।
উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় পর্বে বক্তব্য দেন মোসাম্মৎ নাহার বেগম, মো: শরীফ উদ্দিন এবং গ্রিনটেক পাইরোলাইসিসের প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম মজুমদার, সুলাইমান খোকন ও মো: শাহজাহান। এছাড়া ঢাকা উত্তর অঞ্চলের শামীর হোসাইন এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক প্রতিনিধি মো: বেলাল হোসাইন বক্তব্য রাখেন। এ সময় মেট্রো সদর সভাপতি মো: আসাদুজ্জামান ও বাসন থানা সভাপতি আ: ওয়াহাবসহ গাজীপুর মহানগরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








