
নাজমুস সাকিব ইবি
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনলাইন সেবার ব্যবহার বাড়লেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনো শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ও কার্যকর অনলাইন সেবা গড়ে ওঠেনি। ভর্তি ও নোটিশ প্রকাশের বাইরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দৈনন্দিন কাজে ব্যবহারের মতো সেবা সীমিত। অনলাইন সিস্টেম না থাকায় ফি জমা, সনদ ও ট্রান্সক্রিপ্টের আবেদন কিংবা হলের আসনের জন্য আবেদন করতে হচ্ছে পুরনো ম্যানুয়েল পদ্ধতিতে। ফলে এসব কাজ করতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কাজের অনেক কিছু অনলাইনে সম্পন্ন করা গেলেও ইবিতে এখনো এসব কাজের জন্য সশরীরে ব্যাংক ও সংশ্লিষ্ট দফতরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন ও পূর্ণাঙ্গ অনলাইন সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।
এ দিকে শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা দেয়ার লক্ষ্যে স্মার্ট আইডি কার্ড চালু হলেও এর ব্যবহার সীমিত। অন্য দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগের সংস্কার করা হলেও প্রত্যাশিত গতি না পাওয়ার অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (রঁ.ধপ.নফ) পর্যবেক্ষণে দেখা যায়, এতে ভর্তি, নোটিশ, বিভাগ ও শিক্ষকদের পরিচিতিসহ বিভিন্ন তথ্য রয়েছে। তবে ওয়েবসাইটটির নকশা পুরনো এবং প্রয়োজনীয় অনেক তথ্য পূর্ণাঙ্গভাবে পাওয়া যায় না। তথ্য নিয়মিত হালনাগাদ না হওয়ায় প্রয়োজনীয় বিষয় খুঁজে পেতেও সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীদের। এ ছাড়া ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য নিজস্ব প্রোফাইল বা ব্যক্তিগত পোর্টালের ব্যবস্থাও নেই।
এর আগে, গত ২৩ অক্টোবর সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইলের নানা অসঙ্গতি উঠে আসে। এতে ৪৪ শিক্ষকের প্রোফাইলে ছবি না থাকা, গবেষণা, প্রকাশনা ও জীবনবৃত্তান্তের তথ্য হালনাগাদ না করা এবং বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া ও প্রয়াত শিক্ষকদের নাম তালিকায় থাকার তথ্য প্রকাশ করা হয়। কয়েকজন শিক্ষকের প্রোফাইলে প্রাতিষ্ঠানিক ছবির পরিবর্তে পারিবারিক ও ভ্রমণের ছবিও পাওয়া যায়।
জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। সে সময় শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব প্রোফাইল তৈরি ও শিক্ষকদের বায়োডাটা হালনাগাদের সুবিধার কথা জানানো হয়েছিল। পরের বছর ২১ আগস্ট অনলাইনে ফল প্রকাশের জন্য ‘অনলাইন রেজাল্ট প্রসেস অ্যান্ড পাবলিকেশন সিস্টেম’ চালু করা হয়। তখন অনার্স ও মাস্টার্সের ফল অনলাইনে দেখা এবং সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট পাওয়ার সুবিধার কথাও জানানো হয়েছিল। তবে এসব উদ্যোগের পরও প্রয়োজনীয় অনলাইন সেবার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
অনলাইন সেবার ঘাটতি রয়েছে ফি জমা দেয়ার ক্ষেত্রেও। বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে শিক্ষার্থীদের এখনো ব্যাংকে যেতে হয়। ব্যাংকিং কার্যক্রমের নির্ধারিত সময় পেরিয়ে গেলে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। এতে দূর থেকে আসা এবং নির্ধারিত সময়ে ফি জমা দিতে না পারা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
এ সমস্যা সমাধানে গত বছরের ৮ নভেম্বর অনলাইনে ফি সংগ্রহের লক্ষ্যে ইসলামী ব্যাংকের সাথে চুক্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। পরবর্তী সময়ে একটি বিভাগের সেশন ফি পরীক্ষামূলকভাবে এবং ভর্তি কার্যক্রমের ফি অনলাইনে সংগ্রহ করা হলেও অন্যান্য ফি পরিশোধের ব্যবস্থা চালু হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইলে আগের চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি; বরং সামগ্রিকভাবে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহের ক্ষেত্রেও শিক্ষার্থীদের একাধিক ধাপ পার হতে হয়। প্রথমে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে পরে রেজিস্ট্রার দফতরের স্বাক্ষরসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। অনলাইনে আবেদন, ফি পরিশোধ ও আবেদনের অগ্রগতি জানার সমন্বিত ব্যবস্থা না থাকায় এসব কাজে বারবার সংশ্লিষ্ট দফতরে যেতে হয়। একইভাবে হলের আসনের আবেদন ও বরাদ্দের তথ্য জানার কার্যকর অনলাইন ব্যবস্থাও নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ দিকে স্মার্ট আইডি কার্ড চালুর উদ্যোগ নেয়া হলেও মাত্র দু’টি সেশনের শিক্ষার্থীদের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। কার্ড পাওয়া শিক্ষার্থীরাও এর কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট নন। তাদের ভাষ্য, এটি মূলত সাধারণ পরিচয়পত্র হিসেবেই ব্যবহৃত হচ্ছে। এ কার্ড দিয়ে মেডিক্যাল সেবা নেয়া কিংবা লাইব্রেরি ব্যবহারের সুযোগ নেই। এসব সেবার জন্য আলাদা কার্ড রাখতে হচ্ছে তাদের।
অন্য দিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় চালু হওয়া ইন্টারনেট সেবার গতি নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের অভিযোগ, প্রত্যাশিত গতি না পাওয়ায় ক্যাম্পাসে নিয়মিত ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী রুপালি আক্তার বলেন, ভর্তি ফি, সেমিস্টার ফি ও হল ফিসহ বিভিন্ন ফি জমা দিতে এখনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের ভর্তি ও সেমিস্টার ফি জমার সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনলাইনে ব্যবস্থা থাকলে শিক্ষার্থীদের এই ভোগান্তি কমত।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোয়াইব আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অনলাইন সেবা চালুর বিষয়ে অনেক উদ্যোগের কথা শোনা গেলেও সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায় না। এখনো অনেক কাজের জন্য সশরীরে দফতরে যেতে হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে শিক্ষার্থীদের অনেক কাজই সহজ হতো। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও এসব প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা প্রয়োজন।
আল-হাদিস বিভাগের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, স্মার্ট আইডি কার্ড দেয়া হলেও এর কার্যকর ব্যবহার দেখা যাচ্ছে না। এই কার্ড দিয়ে মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেয়া যায় না, লাইব্রেরি ব্যবহারের জন্যও আলাদা কার্ড করতে হয়। একটি কার্ড দিয়েই যেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা নিতে পারেন, সে ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য হালনাগাদে কাজ শুরু হয়েছে। এ জন্য বিভাগীয় প্রধানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটের তথ্যগত ঘাটতি দূর করার আশা করছেন তারা। পাশাপাশি ওয়েবসাইটকে আরো আধুনিক ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সেবাগুলো ডিজিটাল করাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অনলাইনে ফি পরিশোধ, সনদ ও ট্রান্সক্রিপ্টের আবেদন এবং হলের আসন ব্যবস্থাপনাসহ অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া
ইসলামী ব্যাংকের সাথে আগের চুক্তির বিষয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংকের সাথে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফি সংগ্রহের যে চুক্তি রয়েছে, সেটিও হালনাগাদ করা হবে। ইন্টারনেটের ধীরগতির বিষয়ে তিনি বলেন, হিট প্রকল্পের আওতায় বিডিরেন এ সংযোগ বাস্তবায়ন করেছে। তিনি দায়িত্ব নেয়ার আগে কাজটি সম্পন্ন হওয়ায় এর কারিগরি বিষয় সম্পর্কে বিস্তারিত জানা নেই। তবে শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সাথে দেখে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাফতরিক কাজে ভোগান্তি, সময় ও শ্রম কমিয়ে কাজগুলো সহজ করার চেষ্টা করছেন তারা। বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনাসহ বেশ কিছু কাজ হাতে নেয়া হয়েছে। ওয়েবসাইটসহ সবকিছু একটি সমন্বিত পোর্টালে আনার জন্য কমিটি গঠন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








