পরীমণির প্রেম বিয়ে বিচ্ছেদ
পরীমণির প্রেম বিয়ে বিচ্ছেদ।

 সাংস্কৃতিক প্রতিবেদক

বিতর্কিত নায়িকা পরীমণির প্রেম বিয়ে বিচ্ছেদের যেন শেষ নেই। চলচ্চিত্র অঙ্গনে প্রবেশের আগে তাকে নিয়ে তেমন বিতর্ক না হলেও রুপালি জগতে যাত্রা শুরুর পর তিনি প্রকাশিত-অপ্রকাশিত একাধিক প্রেম বিয়ে নিয়ে বেশ আলোচিত। বিগত ২০১০ সাল থেকে ২২ সাল পর্যন্ত ১২ বছরে তার পাঁচ বিয়ের সন্ধান মিলেছে। এর মধ্যে শরিফুল রাজ ছাড়া অন্যদের সাথে তার বিয়ে পাঁচ মাস থেকে দুই বছরের বেশি সময় টেকেনি। 
এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্র্ধ্বতন কর্মকর্তা, শিল্পপতি, সঙ্গীতশিল্পী, ব্যাংকারসহ অনেকের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে তিনি একাধিকবার গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। 
প্রাপ্ত তথ্যানুযায়ী তিনি প্রথম বিয়ে করেন ২০১০ সালে। দ্বিতীয় বিয়ে ২০১২ সালে ।  ২০১৭ সালে তৃতীয় বিয়ে। ২০২০ সালে চতুর্থ বিয়ের পাঁচ মাসের মাথায় ভেঙে গেলে ২০২২ সালে পঞ্চম বারের মতো বিয়ে করেন। এর মধ্যে ছিলেন ফুটবলার, বিনোদন সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা। বিগত সময়ে এসব নিয়ে বছরের পুরো সময়টাই তিনি আলোচনায় থাকতেন। সব শেষ চলতি সপ্তাহে সাংবাদিকদের গালাগাল হেনস্তা ও হত্যার হুমকি দিয়ে তিনি নতুন করে বিতর্কে আসেন। সম্প্রতি পরীমনির অতীত সম্পর্ক ও বিয়ের খবর নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এ সময় অনলাইন। সেখানে অভিনেত্রীর একাধিক বিয়ে ও সম্পর্কের সময়কাল উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পরীমনির প্রথম বিয়ে হয় ২০১০ সালে। পরিবারের সম্মতিতে নিজের খালাতো ভাইয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। দুই বছরের মাথায়, ২০১২ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপর একই বছর যশোরের ফুটবলার ফিরদৌস কবীর সৌরভের সাথে নতুন করে সংসার শুরু করেন পরীমনি। ২০১২ সালের এপ্রিলে তাদের বিয়ে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শোনা যায়, সৌরভের পরিবারের সহযোগিতাতেই বিনোদন জগতে প্রবেশের সুযোগ পান অভিনেত্রী। তবে এ সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নিজের অবস্থান তৈরি করতে থাকেন পরীমনি। এক ফটো সাংবাদিকের সাথে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান তিনি সে সময়। ২০১৫ সালে বড় পর্দায় অভিষেকের পর দ্রুত পরিচিতি পান তিনি। ২০১৭ সালে বিনোদন সাংবাদিক তামিম হোসেনের সাথে তার প্রেমের খবর প্রকাশ্যে আসে। তাদের বাগদানও হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সে সম্পর্ক বিয়েতে গড়ায়নি। ২০১৯ সালে ভেঙে যায় তাদের মন দেয়া নেয়ার খেলা।
এরপর ২০২০ সালে পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি। এ বিয়েও ছিল আলোচনার কেন্দ্রে। তবে মাত্র পাঁচ মাসের মধ্যেই তাদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে অভিনেতা শরীফুল রাজের সাথে পরিচয় হয় পরীমনির। কাজের সূত্রে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, পরে প্রেমের সম্পর্ক। ২০২২ সালের জানুয়ারিতে মা হতে চলার খবর জানান পরীমনি। একই সাথে শরীফুল রাজের সাথে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন তারা। ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। সে মামলা তদন্তের দায়িত্ব পান ডিএমপির তৎকালীন এডিসি সাকলায়েন। সে অফিসারের সাথেও পরীমনির প্রেমের সম্পর্কের কথা জানা যায়। শুধু তাই নয়, এ সম্পর্কের জেরে চাকরিও হারিয়েছেন এডিসি সাকলায়েন। এ ছাড়াও বিভিন্ন সময় পরীমনির সাথে সুসম্পর্কের তালিকায় আলোচনায় এসেছে অনেক শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদেরও নাম।
পরীমনির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলায় জন্ম তার। ২০০৭ সালের দিকে তার মা আগুনে দগ্ধ হয়ে মারা যান। এরপর বাবার সাথে সাভারে বসবাস শুরু করেন তিনি। মাঝে মাঝে বরিশালে নানা বাড়ি গিয়ে থাকতেন। সেখানে মাসুদ নামের দূর-সম্পর্কের এক আত্মীয়ের সাথে তার প্রেম ও বিয়ে হয়। শোনা যায়, নানা বাড়ি থেকে মাসুদের সাথে পালিয়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন তিনি। এক মাস পর বরিশালে ফিরে আসার কিছুদিন পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
২০১১ সালের দিকে বাবার সাথে সাভারের ব্যাংক টাউন এলাকায় বসবাস শুরু করেন পরীমনি। ২০১২ সালের শুরুর দিকে সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ২০১১ সাল থেকে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) নাচ শিখতে ভর্তি হন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে নাচ করার সুবাদে টিভি নাটকে অভিনয়ের সুযোগ পান।