
নিজস্ব প্রতিবেদক
বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের নেতারা। গতকাল সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর দফতরে এ স্মারকলিপি পেশ করা হয়। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দিয়েছেন সংগঠন দু’টির প্রতিনিধিরা।
স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষা, শূন্য পদে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগ এবং বিয়ে নিবন্ধন ফি পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে। একই সাথে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ বন্ধের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা অনুযায়ী বর্তমানে দায়িত্ব পালনরত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও আইনগত অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে সেখানে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী রেজিস্ট্রারদের পেশাগত নিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়বে। সংগঠনগুলোর নেতারা মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।
নিকাহ রেজিস্ট্রারদের আর্থিক দুরবস্থার বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে মাত্র পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধনের সুযোগ পান। এ সীমিত আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পরিবারের ভরণপোষণ ও সংসারের ব্যয় নির্বাহ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় বিয়ে নিবন্ধন ফি বৃদ্ধি ও যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা জরুরি।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, দেশে প্রায় ১৪০০ নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে যোগ্যতাসম্পন্ন আলেম-ওলামাদের নিয়োগ দিতে হবে। পাশাপাশি মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুসারে সংশ্লিষ্ট এলাকার কর্ম-অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিধান পরিবর্তনের উদ্যোগে তাদের পেশাগত স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। তাদের দাবি, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারা দেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে অন্তত দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
তারা বলেন, নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়াহ, মুসলিম পারিবারিক আইন এবং বিয়ে ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। এসব পেশাগত যোগ্যতা বিবেচনা না করে শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্ন ধরনের জেল-জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অভিযোগ, নিকাহ রেজিস্ট্রারদের জীবিকা ও পেশাগত অধিকারের ওপর আঘাত এলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে সারা দেশের নিকাহ রেজিস্ট্রাররা পরিবার-পরিজন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দেয়ার চেষ্টা করছে।
মানববন্ধন শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো: নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি পেশ করে। পরে প্রতিনিধিদল একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেয়।
প্রতিনিধিদলে আরো ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো: নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা মো: সেলিম রেজা, সংগঠনটির নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান, এ কে এম বদরুল হক, জোবায়ের ইবনে সালেহ ও আজিজুর রহমান সুমন। মানববন্ধনে আরো বক্তব্য দেন মাওলানা শাহ মো: নেছারুল হক, মাওলানা কাজী মো: নজরুল ইসলাম তালুকদার, মাওলানা কাজী মো: সেলিম রেজা, কাজী ইকবাল হোসেন, অধ্যাপক এনায়েতুর রহমান, আবুল বাকি, আবু জাফর সালেহ, কাজী জহিরুল, কাজী জাকির হোসেন, মামুনুর রশিদ খান ও নুরুল আমিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








