ব্যবসায়ীকে অপহরণে জড়িতদের গ্রেফতারের দাবি এমপি আরমানের
ঢাকা-১৪ আসনে গুম, শঙ্কিত জনগণ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

রাজধানীর ব্যবসায়ী মোহাম্মদ শামীম খানকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রাখা এবং পরবর্তী সময়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
গতকাল সকালে রাজধানীর রূপনগরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শামীম খান তার সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে শামীম খানের স্ত্রীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এমপি আরমান বলেন, বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের মাটিতে আর কোনো গুমের ঘটনা ঘটবে না- এটাই ছিল মানুষের প্রত্যাশা; কিন্তু ঢাকা-১৪ আসনে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রেখে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার ঘটনা ঘটেছে। নতুন গণতান্ত্রিক যাত্রার শুরুতেই এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।
সংসদ সদস্য আরমান বলেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগের প্রাথমিক বিবরণ থেকে প্রতীয়মান হয়। ফ্যাসিবাদী আমলে যে ধরনের ঘটনা ঘটত, গণতান্ত্রিক সময়ে একই ধরনের ঘটনা ঘটলে বিপ্লবের তাৎপর্য কোথায়- এমন প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, এ ঘটনায় যাদের নাম এসেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্থঘাটন করতে হবে। মিরপুরের পাভেল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাড্ডার ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করা হয়নি; বরং গত ৭ নভেম্বর তাকে বিএনপির একটি মিছিলে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।
ভুক্তভোগী শামীম খানের অভিযোগ, গত ২৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে একদল ব্যক্তি তাকে এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি বুঝতে পারেন, তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। সেখান থেকে চোখ বেঁধে অন্য একটি স্থানে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। শামীম খান বলেন, তাকে আটকের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডিসি রাকিব তাকে আটকের নির্দেশ দিয়েছেন এবং পলাশের নেতৃত্বে একটি দল তাকে নিয়ে এসেছে। এ সময় তার জীবনের ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়। তাকে বলা হয়, তার শত্রুরা শক্তিশালী ও ভয়ঙ্কর।
ভুক্তভোগীর দাবি, আটকে রাখার সময় তাকে জানানো হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাধ্যমে তা যাচাই করা হয়েছে। পরে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এমনকি একটি পা কেটে দেয়া এবং অস্ত্র মামলায় জড়ানোর ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
শামীম খান আরো অভিযোগ করেন, আটকে রেখে তার ব্যবসার পেছনে কারা সহযোগিতা করছেন, কিভাবে তিনি অর্থ উপার্জন করেন এবং মিরপুরের কয়েকজন ব্যক্তির সাথে তার সম্পর্ক কী- এসব বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির ফজলে খোদা পলাশ তার কাছে তুলি, মিষ্টি, পাভেল ও সাইফুল নামে কয়েকজনের বিষয়ে জানতে চান। মিরাজের কাছে যাওয়ার কারণও জানতে চাওয়া হয় বলে জানান তিনি। তার ভাষ্য, তিনি ব্যবসায়িক প্রয়োজনেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছিলেন। ভুক্তভোগীর দাবি, তাকে বলা হয়েছিল, বাইরে থাকলে তার জীবনের ঝুঁকি রয়েছে এবং ব্যবসা বন্ধ করে দেয়াই তার জন্য ভালো হবে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পায়ে ব্যান্ডেজ করা হয়। তার অভিযোগ, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য ছবি তুলে কোথাও পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তাকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগীর স্ত্রী, ডা. মঈন উদ্দীন, মনিরুল ইসলাম মৃধা, জি এম হাফিজুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, তাজিরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।