সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ঢেলে সাজিয়ে উন্নয়ন করতে চায় : সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মুন্সীগঞ্জের কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এলাকা পরিদর্শন করেন : নয়া দিগন্ত।

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট (অবকাঠামোগত উন্নয়ন) ঢেলে সাজিয়ে উন্নয়ন করতে চায়। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক। জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে ধারণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করাই সরকারের অঙ্গীকার। 
গত রোববার  বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা এলাকায় কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নকে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় নিয়ে আসার লক্ষ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক আধুনিকায়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন উপজেলা পর্যায়ের সড়কগুলো পর্যায়ক্রমে ১৮ ফুট এবং জেলা পর্যায়ের সড়কগুলো ৩৪ ফুট প্রশস্ত করা হবে। পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। জাতীয় মহাসড়কগুলো দুই পাশে সার্ভিস লেনসহ চার লেনে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী বলেন, যোগাযোগ খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের যাতায়াত আরো সহজ ও গতিশীল করা হবে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা অগ্রাধিকার ও প্রয়োজনীয়তা বিবেচনায় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মুন্সীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের যোগাযোগ অবকাঠামো ও উন্নয়ন সম্ভাবনাকে এগিয়ে নেয়ার বিশেষ সুযোগ রয়েছে সরকারের। কেননা এখানে তিনটি আসনেই আপনারা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছেন। জেলার যেসব প্রকল্প বাস্তবায়নের দাবি রাখে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে সরকার আন্তরিক। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা ও এলাকার মানুষের উন্নয়ন প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা, জনগণের মতামত এবং জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে হবে। একই সাথে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে।
এর আগে বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার ইছামতী নদীর ওপর ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। পরে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন মন্ত্রী শেখ রবিউল আলম।
টংগীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, টংগীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।