
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সরকারি বিভিন্ন দজশর, শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত প্রাঙ্গণ ও ব্যস্ততম সড়কগুলোতে একের পর এক নাশকতামূলক হামলা চালানো হয়। এসব ঘটনায় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার এবং সিএমএম আদালত ও টিএসসি এলাকা থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
ফার্মগেটে বাসে আগুন : গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার পর পুরো স্টেশনে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ফার্মগেটে বাসে আগুনের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকার নিরাপত্তা জোরদার ও দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
টিএসসিতে ককটেল বিস্ফোরণ : সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাবির টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে শাহবাগ থানা পুলিশ সেখান থেকে একটি ককটেল উদ্ধার করে। ককটেল বিস্ফোরণের পর ঢাবি শিক্ষার্থীরা একজনকে হাতেনাতে আটক করে প্রক্টরিয়াল টিম ও প্রক্টরের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিষ্ফোরণ : এ দিকে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ ও জনতা ঘটনাস্থল থেকে আরো একটি তাজা ককটেল উদ্ধার করে। ককটেল নিক্ষেপকারী সন্দেহে জনতা ও পুলিশ সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫) নামে দু’জনকে আটক করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জায়গায় বিষ্ফোরণ : মিরপুরের বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। উত্তরায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গতকাল সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। একই সময়ে সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রূপনগর থানা ভবনের প্রধান ফটক, মালিবাগ মোড়ের গ্যাস পাম্পের সামনে, মাটিকাটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ক্যান্টনমেন্ট থানা এলাকা এবং ক্যান্টনমেন্ট রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্যামপুরা থানা এলাকা থেকে পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। গতকাল সকালের দিকে রামপুরা এলাকায় রামপুরা থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় এবং সেখান থেকে আট থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রূপনগর থানা ভবনের ফটকে ককটেল নিক্ষেপকারী মো: আশরাফুল ইসলাম (২৭) পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীমের পরামর্শে সে ককটেল ফাটায়। বনশ্রীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার শ্রাবণ ও রবিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। বনশ্রীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় একাধিক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়াও গত ৫ নভেম্বর গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলায় গাড়িচালক কনস্টেবল এনামুল আহত হওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ চার জন, ডিবি পাঁচজন ও এসআরবি তিনজনকে গ্রেফতার করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








