
ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের আধিপত্য ধরে রাখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ইন্টার মিয়ামির এই অধিনায়ক।
২০২৬ মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। গোলসংখ্যায় তার ধারেকাছেও ছিলেন না অন্য প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ২১ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।
শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়ে গোল করাতেও দারুণ সফল ছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মৌসুমে ১৭টি অ্যাসিস্টসহ মোট ৪৩টি গোলে অবদান রেখেছেন তিনি। লিগের ইতিহাসে টানা দুই মৌসুমে অন্তত ৪০ গোলে অবদান রাখা প্রথম ফুটবলারও এখন মেসি।
এর আগে ২০২৫ মৌসুমে ২৯ গোল করে প্রথমবার এমএলএসের গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবার ২৬ গোল করে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। সব মিলে এমএলএসে এটি তার দ্বিতীয় গোল্ডেন বুট। লিগের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসির ব্যক্তিগত সাফল্যের দিনে অবশ্য পুরোপুরি স্বস্তিতে ছিল না ইন্টার মিয়ামি। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে তারা। ম্যাচে গোল না পেলেও দু’টি গোলে অবদান রেখেছেন মেসি।
ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় হয়ে প্লে-অফে জায়গা করে নেয়া ইন্টার মিয়ামির প্রথম রাউন্ডে প্রতিপক্ষ কলম্বাস ক্রু। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এবার দলকে শিরোপা জেতানোও লক্ষ্য মেসির। গোল্ডেন বুটের পর এখন তার চোখ এমএলএস কাপের দিকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








