চ্যাম্পিয়ন হকি ঢাকা ইউনাইটেড

 ক্রীড়া প্রতিবেদক
১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম বিভাগ হকি লিগের শিরোপা জিতেছে হকি ঢাকা ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ২২ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ তৃতীয়, ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ পিডব্লিউডি, ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম ব্যাচেলর্স এসসি। ১০ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া রায়েরবাজার তলানিতে। ৩ পয়েন্ট পাওয়া ইয়ং স্টার্স তার উপরে। প্রিমিয়ারে উঠে গেল হকি ঢাকা ইউনাইটেড আর দ্বিতীয় বিভাগে নেমে গেল রায়েরবাজার।
পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত হয় ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর তৃতীয় ধাপের গোলকিপার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল লিগের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
বাহফে ও ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন ২২টি জেলা থেকে বাছাই করা ২৪ জন নারী গোলকিপার। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব জেনারেল সার্ভিস মেজর জেনারেল (অব:) মো: আমিন আকবর এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার রামিছা তাবাসসুম চৌধুরী।

Advertisement