ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি আজ ঢাকা আসছেন

কূটনৈতিক প্রতিবেদক

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবাগ সোফি তিন দিনের সফরে আজ ঢাকা আসবেন। এই সফরের উদ্দেশ্য হলো ব্রিটিশ-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা, নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করা এবং  রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তার বিষয়টি তুলে ধরা। বাকিংহাম প্যালেস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
সফরকালে সোফি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের সাথে বৈঠক করবেন। জাতিসঙ্ঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) মহিলা হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সাথে সাক্ষাৎ করবেন সোফি।
ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের সাথে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এতে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হবে।
সোফি রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনকারী সংগঠনগুলোর কাজ সম্পর্কে জানতে কক্সবাজার যাবেন। তিনি বাস্তুচ্যুত নারী এবং পরিবারগুলোর জন্য সুরক্ষা এবং সহায়তা পরিষেবাগুলো পরিদর্শনের পাশাপাশি শরণার্থীদের সাথে মতবিনিময় করবেন। 
২০১৭ সালের পরে ডাচেস অব এডিনবার্গের এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। তিনি ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের অনুরোধে এ সফর করছেন। সোফি ব্রিটেন ও কমনওয়েলথ-জুড়ে রাজা চালর্সের পক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং তিনি নিজে যেসব দাতব্য সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেগুলোর জন্যও কাজ করেন।