কারখানায় ফিরেছেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

শ্রমিক অসন্তোষ ও সাপ্তাহিক ছুটির পর নারায়ণগঞ্জ ও সাভার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। রোববার সকালে ফতুল্লা, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও আশুলিয়ার কয়েকটি এলাকায় ৩০টি কারখানা বন্ধ ছিল। নতুন করে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, দুই দিনের ছুটি শেষে ফতুল্লার কারখানায় শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর দুই দিনের ছুটি শেষে নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানায় ফিরেছেন পোশাকশ্রমিকরা। রোববার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। 
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ ও নয়ামাটি এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ ছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। মোতায়েন রয়েছেন বিজিবির নয় প্লাটুন সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে একটি কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, প্রতিদিনের মতো আজও শ্রমিকরা কাজ করছেন। আন্দোলনের সময়ও শ্রমিকরা প্রথমে কাজে যোগ দিয়েছিলেন, পরে সেখান থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেন। তবে আজ দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মেট্রো নিটিংয়ের এক কর্মচারী বলেন, দুই দিন আগে কারখানার মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলনে অংশ না নেয়ার জন্য অনুরোধ করেছিল। আজ শ্রমিকরা আন্দোলনে নামবেন কি না, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। কারণ আমি আন্দোলনে যাইনি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, আর আন্দোলন করবেন না। শ্রমিকরা সবাই সরকারের প্রতি আস্থা রেখেছেন।’
পুলিশ সুপার আরো বলেন, এরপরও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কয়েকটি কারখানা ও গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো কারখানা বন্ধ হয়নি বলেও জানান তিনি।
এর আগে শ্রম পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনায় শনিবার নিজ নিজ কারখানায় ছুটি ঘোষণার জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। গত ৫ নভেম্বর সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা টানা তিন দিন বিক্ষোভ করেন। এর মধ্যে ৩ ও ৪ নভেম্বর পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়।
এসব ঘটনায় পুলিশ পৃথক দু’টি মামলা করেছে। প্রথম মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
দু’টি মামলার এজাহারেই শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে পুলিশ। এতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথা উল্লেখ করা হয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, শ্রমিক অন্তোষ ও সাপ্তাহিক ছুটি শেষে গতকাল সাভার শিল্পাঞ্চলে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল। সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিওকলোনীতে শ্রমিকরা সকালে শ্রমিকরা কর্মস্থলে দলে দলে যোগদান করেছেন। গত কয়েকদিন শ্রমিকরা ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলে শিল্পাঞ্চল সাভার অসন্তোষ ও অস্থিরতার পর রোববার পুরো শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এপিবিএন, শিল্প পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও কারখানার সামনে সতর্ক অবস্থানে মোতায়েন ছিলেন।
সাভার-আশুলিয়া শিল্পপুলিশ-১ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমেনুল ইসলাম ভুঁইয়া নয়া দিগন্তকে জানান, সাভার-আশুলিয়া রোববার পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সাভার এলাকায় কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। তবে আশুলিয়ার জামগড়া, বাংলাবাজার ও সরকার মার্কেট এলাকায় কাজ হয়নি, ৩০টি কারখানা ছুটি দেয়া হয়েছে।