ইরানের ওপর স্থল অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নয়া দিগন্ত ডেস্ক

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগুলোর ওপর কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের পর এবার ইরানের স্থলভিত্তিক সরবরাহ পথও বন্ধ করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নতুন একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা সেন্টকম গত শনিবার জানিয়েছে, উন্নত অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিবহনে ইরানের স্থলপথের ব্যবহার ঠেকাতে এ বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘টাস্কফোর্স আয়রন গেট’ সমুদ্রে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান কঠোর অবরোধের সাফল্য  আরো জোরদার করবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই টাস্কফোর্স অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত সরঞ্জাম এবং অবৈধ আয়ের উৎসের চলাচল বন্ধ করাই এর লক্ষ্য বলে জানিয়েছে সেন্টকম।
মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে বলেন, টাস্কফোর্সটির মূল কাজ হবে অস্ত্রের চালান কোথা থেকে আসছে, কোন পথে সেগুলো পরিবাহিত হচ্ছে এবং কিভাবে ওই সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করা যায়, তা শনাক্ত করা। পাশাপাশি ইরানের জ্বালানি পরিবহনের পথও খতিয়ে দেখবে তারা।
মুলরয় আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর নির্দেশ দেন, তাহলে এসব নির্দিষ্ট সরবরাহ পথ ও অবকাঠামোই সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, ‘সামরিক লক্ষ্যবস্তুর ওপর নজর দেয়া অপারেশন এপিক ফিউরির তুলনায় এটি কিছুটা ভিন্ন হবে। আমার ধারণা, এবার অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুর ওপর বেশি গুরুত্ব দেয়া হবে। তেহরান সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং অর্থের জোগান দেয়ার পথ স্থায়ীভাবে ধ্বংস করার বৃহত্তর পরিকল্পনার অংশ এটি।’
 এ দিকে ইরানি বন্দরগুলোতে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে ওমান উপসাগরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেয়ার কথা জানিয়েছে সেন্টকম। শনিবার দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘এমভি হুদা’ নামের জাহাজটিকে অবরোধসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ক্রুদের লক্ষ্যবস্তু করা স্থান ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়ার পর এর পেছনের অংশে নিখুঁত নিশানার গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বিবৃতিতে আরো বলা হয়, গত জুলাই থেকে চালানো অভিযানে মার্কিন বাহিনী নির্দেশনা মেনে চলা ১৪৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। পাশাপাশি নির্দেশ অমান্য করায় পাঁচটি জাহাজ অচল করে দেয়া হয়েছে। শনিবার হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এ ছাড়া জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগের দিন কেশম দ্বীপে নতুন করে মার্কিন হামলার কথা স্বীকার করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলাগুলোকে ‘ক্ষুদ্র’ বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরো বলেন, কাতারের মধ্যস্থতায় আলোচনা চলায় তেহরান এখনো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
অন্য দিকে গতকাল রোববার হরমুজ প্রণালীর কাছে তিনটি তেলবাহী সুপারট্যাংকার মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, ট্যাংকার তিনটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালীর একটি ‘অনিরাপদ’ এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় সমুদ্রের মাইনের সাথে সংঘর্ষে ট্যাংকার দু’টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আগ্রাসনকে দায়ী করেছে তারা।
এ দিকে আইআরজিসির মুখপাত্র মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সামরিক ও অর্থনৈতিক- দুই ক্ষেত্রেই যুদ্ধ অব্যাহত রয়েছে। ইরানের কোনো জাহাজে হামলা হলে আরো কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের স্থলপথে সরবরাহ ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘আয়রন গেট’ উদ্যোগ নিয়েও মন্তব্য করেন মোহেবি। তার দাবি, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের ওপর প্রত্যাশিত অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে পারবে না।
সামরিক চাপ দমাতে না পেরে নতুন কৌশল
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, কয়েক মাস ধরে নৌ অবরোধ চালিয়েও ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সামরিক চাপের পাশাপাশি ইরানের অর্থনীতি ও বাণিজ্যিক যোগাযোগব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডার টাম্পায় প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে কাজ করবে নতুন এই টাস্কফোর্স। সেন্টকমের ভাষ্যানুযায়ী, এর প্রধান উদ্দেশ্য ইরানের অস্ত্র উৎপাদন ও সামরিক শিল্প পুনর্গঠনের সক্ষমতা কমিয়ে দেয়া। একই সাথে সামরিক সরঞ্জামের মজুদ বৃদ্ধি এবং এ খাতে অর্থায়নের পথও সঙ্কুচিত করতে চায় যুক্তরাষ্ট্র।
এ দিকে নৌ অবরোধের মাধ্যমে ইরানের ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে দেয়ার দাবি করেছে ওয়াশিংটন। নতুন টাস্কফোর্সের মাধ্যমে স্থল ও সমুদ্রপথে ইরানের সরবরাহব্যবস্থার ওপরও নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইরানের ভৌগোলিক অবস্থান। দেশটির সাতটি স্থলপ্রতিবেশী রয়েছে। এসব দেশের সহযোগিতা ছাড়া ইরানের সীমান্ত দিয়ে পণ্য ও প্রযুক্তি প্রবেশের পথ পুরোপুরি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। কাস্পিয়ান সাগর ঘিরেও রয়েছে আইনি জটিলতা। ২০১৮ সালে স্বাক্ষরিত কাস্পিয়ান সাগরের আইনি মর্যাদাবিষয়ক কনভেনশন অনুযায়ী, উপকূলীয় পাঁচ দেশের বাইরে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি সেখানে নিষিদ্ধ। ফলে কাস্পিয়ান সাগরকেন্দ্রিক মার্কিন সামরিক তৎপরতা বাড়ানোর সুযোগও সীমিত।
বিশ্লেষকদের মতে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, নিষেধাজ্ঞা কার্যকর এবং বাণিজ্যিক নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কিছু আমদানি-রফতানি ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু দেশটির সব স্থলসীমান্ত ও সমুদ্রপথ বন্ধ করে দেয়া বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে, ‘আয়রন গেট’কে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধের সামরিক পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ কম। বরং বিদ্যমান সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে তেহরানকে আরো চাপে রাখার একটি নতুন মার্কিন কৌশল হিসেবেই এটিকে দেখছেন বিশ্লেষকরা।