ডিসেম্বর ঘিরে কলকাতাকেন্দ্রিক তৎপরতায় নিষিদ্ধ আ’লী ষ মনিরুল ইসলাম রোহান


ডিসেম্বরকে সামনে রেখে ভারতের কলকাতায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির শীর্ষ ও মধ্যম সারির নেতাদের কলকাতায় অবস্থান, বিদেশে থাকা নেতাদের সাথে যোগাযোগ এবং সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠকের খবর নতুন করে আলোচনায় এসেছে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনাকে  কেন্দ্র করে ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা নতুন করে কলকাতায় পৌঁছেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ডিসেম্বরের আগে কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের এই তৎপরতা শেষ পর্যন্ত রাজনৈতিক পুনর্গঠনের প্রস্তুতি, নাকি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে কৌশলগত অবস্থান, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। 
কলকাতায় কোন কোন নেতা সক্রিয়?
ডিসেম্বরকে সামনে রেখে কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা সক্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এ কে এম মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মাহবুবউল আলম হানিফ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা শেখ হেলাল উদ্দিন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়াও ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কয়েকজন শীর্ষ নেতাও ডিসেম্বরকেন্দ্রিক কলকাতায় সক্রিয় হয়ে উঠেছেন বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন  ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসব নেতা ডিসেম্বরে শেখ হাসিনসার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন বৈঠকে অংশ নেয়ার খবর ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। 
কলকাতা কি হয়ে উঠছে আওয়ামী লীগের রাজনৈতিক সমন্বয় কেন্দ্র?
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের কাছে কলকাতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। ভৌগোলিক নৈকট্য, ভাষাগত যোগাযোগ এবং বাংলাদেশের সাথে সহজ যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন তারা। বিশেষজ্ঞরা মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় নেন। তিনি এখন ভারত সরকারের বিশেষ অতিথি হিসেবে দিল্লিতে অবস্থান করছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ও মধ্যম সারির নেতাদের একটি অংশ ভারতে অবস্থান করছেন। তা ছাড়া বাংলাদেশের সাথে ঐতিহাসিক সম্পর্কের কারণে কলকাতা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের একটি কথিত দলীয় কার্যালয় ব্যবহারের তথ্য উঠে এসেছে। সেখানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের যাতায়াত এবং সাংগঠনিক আলোচনা হওয়ার খবরও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ভার্চুয়াল যোগাযোগে সাংগঠনিক তৎপরতা দলটির প্রবাসী নেতাদের কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হচ্ছে ডিজিটাল মাধ্যমে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য প্রকাশিত হয়েছে। এসব যোগাযোগের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, রাজনৈতিক বক্তব্য প্রচার এবং দলীয় কর্মীদের সাথে সম্পর্ক ধরে রাখার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 
দেশে ফেরার পরিকল্পনা নাকি রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা?
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নজিরবিহীন পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশ ভারতে অবস্থান করছেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশের অবস্থান কলকাতা ও আশপাশের এলাকায়। ডিসেম্বরকে সামনে রেখে কলকাতায় আগে থেকে অবস্থানরত নেতাদের সাথে নতুন করে সেখানে যাওয়া নেতাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। বৈঠকের আলোচনায় রয়েছে দলের ভবিষ্যৎ নেতৃত্ব, সাংগঠনিক যোগাযোগ এবং শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। এ ছাড়াও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন। চলছে বৈঠক, ভার্চুয়াল আলোচনা এবং দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ। প্রশ্ন উঠেছে, এসব যোগাযোগ কি কেবল রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, নাকি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশে আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার দীর্ঘমেয়াদি প্রস্তুতি?
বিশেষজ্ঞ মত
এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম নয়া দিগন্তকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের নজিরবিহীন পতনের পর শেখ হাসিনাসহ তাদের দলের নেতাদের গুরুত্বপূর্ণ একটি অংশ ভারতে গিয়ে আশ্রয় নেন। তাদের উল্লেখযোগ্য একটি অংশের কলকাতাকেন্দ্রিক ওঠাবসা। এর পর থেকেই ভারতের কলকাতায় আওয়ামী লীগ নেতাদের আনাগোনাও বেড়ে গেছে। দেশ থেকে বিতাড়িত হয়ে সেখান থেকেই তাদের দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে কলকাতায় জড়ো হয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এ দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে ভারত। এক প্রশ্নের জবাবে ড. মাসুম বলেন, জুলাই গণহত্যার মূল কারিগর শেখ হাসিনা কখনো এ দেশে আর ফিরবে না, ফেরাটাও সম্ভব নয়। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটা হলো আওয়ামী লীগের অস্তিত্ব যাতে বিলীন না হয়ে যায় সে জন্য আলোচনায় থাকা।