
- জুলাই গণ-অভ্যুত্থানের বিচার
- মানবতাবিরোধী অপরাধ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীকে বিদেশ থেকে ফোন করে হুমকি, বাসার সামনে গিয়ে গালিগালাজ এবং মোটরসাইকেলে করে সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থানের অভিযোগ উঠেছে। এমনকি রাজধানীতে তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ওই সাক্ষী। নিজের নিরাপত্তা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এসব ঘটনা তুলে ধরেন মামলার ১৩তম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এস এম সায়েম। এদিন সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হলে তিনি নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
সাক্ষী সায়েম জানান, তিনি রাজধানীর মিরপুর-২ নম্বরে থাকেন। সম্প্রতি তার বাসার সামনে এক ব্যক্তি তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ ছাড়া অচেনা কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে বাসার সামনে অবস্থান করতে দেখা গেছে। বিভিন্ন লোকজন তার বাসার সামনে গিয়ে তার সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন।
নিজের ওপর হামলার বিবরণ দিয়ে তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তাকে লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি তার সামনে পড়ে এবং অন্যটি পড়ে প্রায় ১০ ফুট দূরে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ছাড়া বিদেশ থেকেও ফোন করে তাকে গালিগালাজ ও হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান সাক্ষী। তার বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, ‘শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবারই দায়িত্ব আছে। যারা আইন ভঙ্গ করেছেন, তাদের বেঁধে ফেলার দায়িত্ব সবার।’
এ সময় আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, তার মক্কেলরা কারাগারে রয়েছেন। সাক্ষী এতদিন ধরে সাক্ষ্য দিয়েছেন, তখন কোনো নিরাপত্তাহীনতার অভিযোগ করেননি। সাক্ষ্য শেষ হওয়ার পরই তিনি এ অভিযোগ তুলছেন। দুপুরের বিরতির পর বেলা আড়াইটায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিখিত আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল জানান, সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেয়া হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এ ব্যবস্থা নেয়া হলেই চলবে।
জেরা নিয়ে আইনজীবীদের বাগি¦তণ্ডা
সাক্ষীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এদিন তার জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেরা চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগি¦তণ্ডা হয়।
ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে সাক্ষী সায়েমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, গাজী এমএইচ তামিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।
জেরার একপর্যায়ে ২০২৪ সালে হাইকোর্টের একটি রায় সম্পর্কে সাক্ষীর কাছে জানতে চান আইনজীবী পলাশ চন্দ্র রায়। জবাবে সাক্ষী বলেন, ওই রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে ২০২৪ সালের ৯ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছিল কি না, তা তার জানা নেই। একই দিন ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলেও সেটি তৎকালীন শেখ হাসিনা সরকারের ‘মনভোলানো কৌশল’ ছিল বলে মন্তব্য করেন সাক্ষী। পরে সংশ্লিষ্ট মামলার শুনানির তারিখ জানতে চাইলে তা মনে নেই বলে জানান তিনি।
এরপর আরো কিছু প্রশ্ন করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এ সময় আসামিপক্ষের সারিতে বসা জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, প্রসিকিউশনই জেরা করুক, তারা বসে যান। ট্রাইব্যুনাল তাকে ডায়াসে এসে কথা বলতে বললে তিনি অভিযোগ করেন, প্রসিকিউশনের কেউ দাঁড়িয়ে গেলে সাক্ষীর মনোযোগ অন্য দিকে সরে যায় এবং তিনি সতর্ক হয়ে পড়েন। এতে সাক্ষীর কাছ থেকে সত্য বের করা কঠিন হয়ে পড়ে।
এ সময় ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট আইন পড়ে শোনান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে পুনরায় জেরা শুরু হলে সাক্ষীকে প্রসিকিউশনের দিকে মুখ ফিরিয়ে জবাব দিতে বলেন আসামিপক্ষের আইনজীবীরা। জবাবে সাক্ষী বলেন, ‘ঠিক আছে, তাহলে আমি সরে যাই।’ এরপর তিনি নিজের চেয়ার ঘুরিয়ে নেন।
সাক্ষীর এমন আচরণ দেখে প্রসিকিউশনের এক সদস্য বলে ওঠেন, ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে।’ এতে আপত্তি জানান আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি বলেন, ‘তাহলে আমার জেরা করা ঠিক হবে না, এটি এক ধরনের থ্রেট।’
এ মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর আইনজীবী পলাশ আবার জেরা শুরু করেন। ২০২৪ সালের ৯ জুলাই কোনো সহিংসতা হয়েছিল কি না, জানতে চাইলে সাক্ষী বলেন, ওই দিন সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা হয়নি। তবে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেয়া হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








